ভারতের পাঞ্জাব রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছাড়ার খবর সরাসরি নাকচ করে দিয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পাঞ্জাবের সার্বিক রাজনীতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অনুভূতি ও মতামত দলীয় নেতৃত্বকে জানানোকে তিনি নিজের দায়িত্ব মনে করেন।
সম্প্রতি অমরিন্দর সিং বিজেপি ছেড়ে পুনরায় কংগ্রেসে যোগ দিচ্ছেন বলে ভারতীয় রাজনীতিতে জোর গুঞ্জন শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই নিজের অবস্থান পরিষ্কার করলেন ৮৪ বছর বয়সী এই প্রবীণ রাজনীতিক।
গত শুক্রবার কিংবদন্তি প্রয়াত ক্রিকেটার বিষণ সিং বেদীর স্মরণে আয়োজিত ‘বিষণ উইথ লাভ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান শেষে বিজেপির ওপর অসন্তোষের কারণ জানতে চাওয়া হলে অমরিন্দর সিং ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি পাঞ্জাবের রাজনীতিতে ৬০ বছর পার করেছি। অথচ এমন কিছু মানুষ এসেছে যাদের রাজনীতিতে এক বছরও হয়নি। আমরা এতগুলো বছর ধরে পাঞ্জাবের প্রতিটি সংকট ও পরিস্থিতি দেখেছি, কিন্তু তারা একবারের জন্যও আমাদের কোনো পরামর্শ নেয়নি।’
তিনি আরও বলেন, ‘দলকে আমার চিন্তাভাবনা ও অনুভূতির কথা জানানো আমার কর্তব্য। আমি এ কথা বলিনি যে কংগ্রেসে বা বিজেপিতে আমার প্রাসঙ্গিকতা হারিয়ে গেছে। রাজনৈতিক দলের পরিবর্তন ঘটতেই পারে। যখন কংগ্রেসে ছিলাম, অপারেশন ব্লু স্টারের প্রতিবাদে আকালি দলে যোগ দিয়েছিলাম, পরে আবার কংগ্রেসে ফিরি। তবে তার মানে এই নয় যে, আমি এখন বিজেপি ছেড়ে অন্য কোনো দলে যোগ দেব।’
অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় অমরিন্দর সিং স্বীকার করেন তিনি বর্তমানে কিছুটা ‘কঠিন সময়ের’ মধ্য দিয়ে যাচ্ছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। কিছুটা রসিকতা করে তিনি উপস্থিত অতিথিদের উদ্দেশে বলেন, ‘আমি এমনিতেই কিছুটা ঝামেলার মধ্যে আছি, তাই আমাকে নিয়ে চিন্তার কিছু নেই।’
বয়স নিয়ে কথা বলতে গিয়ে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমার বয়স এখন ৮৪, কিন্তু মোরারজি দেশাই তো ৯২ বছর বয়সেও দায়িত্ব সামলেছেন। তাই নিজেকে এখনো বৃদ্ধ মনে করি না।’
গ্রন্থ উন্মোচনের এই অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট রাজনৈতিক ও আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বক্তব্য প্রদানকালে প্রকাশ্যে ইচ্ছা প্রকাশ করে বলেন, তিনি অমরিন্দর সিংকে আবারও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে দেখতে চান এবং তাঁর জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ছাড়াও ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, সৈয়দ কিরমানি এবং মদন লালের মতো কিংবদন্তি ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্রিকেট খেলার প্রশংসা করে অমরিন্দর সিং বলেন, ‘ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা এবং এই খেলার প্রসার সব সময় করা উচিত। বর্তমানে দেশে যা ঘটছে তা নিয়ে ডক্টর সাহেব (ফারুক আবদুল্লাহ) আমার চেয়ে অনেক ভালো বলতে পারবেন। তবে আমরা একটি কঠিন সময় অতিক্রম করছি এবং আমাদের সঠিক নীতি ও মানুষের প্রয়োজন।’