হোম > বিশ্ব > ভারত

এক বছরের জন্য তামাক ও নিকোটিনজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করল কর্ণাটক

আজকের পত্রিকা ডেস্ক­

কর্ণাটক রাজ্য সরকার এক বছরের জন্য তামাক ও নিকোটিনজাত পণ্যের বিক্রি নিষিদ্ধ করেছে। ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে তামাক ও নিকোটিনজাত পণ্যের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের কর্ণাটক সরকার। রাজ্যজুড়ে গুটখা, পান মসলা ও তামাক-নিকোটিনযুক্ত অন্যান্য নিষিদ্ধ পণ্যের বিক্রি ও বিতরণ এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এসব পণ্য সেবনের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কর্ণাটক রাজ্য সরকার জনস্বাস্থ্যের স্বার্থে রাজ্যজুড়ে তামাক ও নিকোটিনযুক্ত পণ্যের বিক্রি ও বিতরণ এক বছরের জন্য নিষিদ্ধ করেছে। তবে এই বিজ্ঞপ্তিতে এসব পণ্য সেবনের ওপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি।

খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দপ্তরের খাদ্য নিরাপত্তা বিভাগ তামাক ও/অথবা নিকোটিনযুক্ত গুটখা, পান মসলা এবং অন্যান্য নিষিদ্ধ পণ্যের উৎপাদন, মজুত, পরিবহন, বিতরণ ও বিক্রির বিরুদ্ধে আইন প্রয়োগের কার্যক্রম পরিচালনা করছে। খাদ্য নিরাপত্তা কর্মকর্তাদের নেতৃত্বে কর্ণাটকজুড়ে বিশেষ পরিদর্শন ও আইন প্রয়োগ অভিযান পরিচালনা করা হচ্ছে।

রাজ্যের খাদ্য নিরাপত্তা ও ওষুধ প্রশাসন দপ্তর গত ১০ আগস্ট এক সরকারি বিজ্ঞপ্তি জারি করে। এতে খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড আইন, ২০০৬-এর ৩০ (২) (এ) ধারা এবং খাদ্য নিরাপত্তা ও মানদণ্ড (বিক্রয়ে নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ) বিধিমালা, ২০১১-এর ২.৩. ৪ নম্বর প্রবিধান অনুসারে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে এক বছর কর্ণাটকজুড়ে এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিষিদ্ধ তামাক ও নিকোটিনজাত পণ্যের উৎপাদন, বিক্রি বা বিতরণ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তথ্য জানাতে এবং একটি ‘সুস্থ ও আসক্তিমুক্ত কর্ণাটক’ গড়ে তোলার উদ্যোগে সহযোগিতা করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে দপ্তর।