হোম > বিশ্ব > ভারত

১০ হাজার জেন–জিকে ‘গরুর বন্ধু’ বানাবে যোগী সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

উত্তর প্রদেশের যোগী সরকার ১০ হাজার গো–মিত্র প্রশিক্ষণ দেবে। ছবি: এএফপি

উত্তর প্রদেশের বিজেপি সরকার ১০ হাজার ‘গো মিত্র’ বা ‘গরুর বন্ধু’ প্রশিক্ষণের ঘোষণা দিয়েছে। গরু সংরক্ষণের বিষয়ে তরুণ প্রজন্ম, বিশেষ করে জেনারেশন জেড বা জেন জিকে সচেতন করাই হবে তাদের অন্যতম প্রধান দায়িত্ব। গত রোববার উত্তর প্রদেশ রাজ্য সরকার এ ঘোষণা দেয়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, প্রাকৃতিক কৃষি, নারীর ক্ষমতায়ন, সবুজ জ্বালানি ও কর্মসংস্থানের সঙ্গে গরু সংরক্ষণকে যুক্ত করে একটি স্বনির্ভরতার মডেলও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু।

সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ‘যোগী (আদিত্যনাথের) সরকার এখন উত্তরপ্রদেশজুড়ে গরু সংরক্ষণ কর্মসূচির সঙ্গে নতুন প্রজন্ম, বিশেষ করে জেন জি-কে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে। গ্রাম পর্যায়ের প্রচারের মাধ্যমে তরুণদের গরু সংরক্ষণ, গরুর সেবা এবং এর সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে সচেতন করা হবে। এ উদ্দেশ্যে প্রায় ১০ হাজার গো মিত্র প্রস্তুত করা হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রথমে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তারাই অন্যদের প্রশিক্ষণ দেবেন। সরকার বলেছে, যারা আগে থেকেই গরু সংরক্ষণ ও গরুর সেবার প্রতি আগ্রহী, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি, প্রাকৃতিক কৃষি, নারীর ক্ষমতায়ন, সবুজ জ্বালানি ও কর্মসংস্থানের সঙ্গে গরু সংরক্ষণকে যুক্ত করে একটি স্বনির্ভরতার মডেল গড়ে তুলতে কাজ করছে যোগী সরকার।

দ্য হিন্দু উত্তরপ্রদেশ গো সেবা আয়োগের চেয়ারম্যান শ্যাম বিহারি গুপ্তকে উদ্ধৃত করে জানিয়েছে, এই নতুন উদ্যোগের মাধ্যমে গোশালাগুলোকে গোবর ও গোমূত্রভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড, প্রাকৃতিক কৃষি, বায়োগ্যাস এবং অন্যান্য উদ্যোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে।

গুপ্ত বলেন, ‘নতুন এই উদ্যোগে শিশু ও তরুণদের গরু সংরক্ষণের সঙ্গে যুক্ত করার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। গ্রাম পর্যায়ের প্রচারের মাধ্যমে তাদের দেশীয় গবাদিপশুর জাত, গরুর সেবা, প্রাকৃতিক কৃষি এবং গ্রামীণ অর্থনীতিতে গরুর গুরুত্ব সম্পর্কে জানানো হবে। লক্ষ্য হলো, নতুন প্রজন্মও যেন গরু সংরক্ষণের পরিবেশগত ও অর্থনৈতিক দিকগুলো বুঝতে পারে।’

বর্তমানে উত্তরপ্রদেশে ৭ হাজার ৫০০ টিরও বেশি গোশালা রয়েছে। এসব গোশালায় ১২ লাখের বেশি গবাদিপশু রয়েছে।