গণ-অভ্যুত্থান ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে ফেরত দেওয়ার যে দাবি ঢাকায় উঠেছে, তা সরাসরি প্রত্যাখ্যান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সুব্রহ্মনিয়ম স্বামী।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এই সাবেক সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ উল্লেখ করেন, ভারত সরকারের উচিত শেখ হাসিনাকে যতদিন তিনি চান ভারতে থাকতে দেওয়া এবং তাঁকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।
সামাজিক মাধ্যমে দেওয়া নিজের পোস্টে সুব্রহ্মনিয়ম স্বামী লেখেন, ‘বাংলাদেশ চায় ভারত যেন দেশটিতে আশ্রয় নিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে হস্তান্তর করে। ভারতের উচিত এই দাবি কঠোরভাবে প্রত্যাখ্যান করা।’
নিজের মন্তব্যের সপক্ষে যুক্তি দিয়ে বিজেপির এই সাবেক রাজ্যসভা সদস্য লেখেন, বাংলাদেশে নারীদের অধিকার এবং সমতা নিয়ে চরম সামাজিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। তাঁর দাবি, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে এমন কিছু গোষ্ঠী জড়িত ছিল যারা নারী ও পুরুষের সমান অধিকারে বিশ্বাস করে না।
ভারতের সংবিধান ও সামাজিক মূল্যবোধের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরও যোগ করেন, ‘ভারতে নীতিগতভাবে নারীদের সমান মর্যাদার চোখেই দেখা হয়। সুতরাং শেখ হাসিনা যতদিন ইচ্ছা ভারতীয় পাসপোর্টের সুরক্ষায় ভারতে অবস্থান করতে পারেন।’
তাঁর সম্পূর্ণ পোস্টের বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘বাংলাদেশ চায় যে, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ভারত যেন তাদের কাছে হস্তান্তর করে। আমাদের এই দাবি প্রত্যাখ্যান করা উচিত, কারণ ইসলামি বাংলাদেশ তাদের মুসলিম নারীদের মুসলিম পুরুষদের সমান মর্যাদা দেয় না। বাংলাদেশের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল কট্টরপন্থী বাংলাদেশি পুরুষেরা, যারা নারীদের সমান বলে মনে করে না এবং যেখানে একজন মুসলিম পুরুষ চারজন পর্যন্ত স্ত্রী রাখতে পারে। অন্যদিকে, ভারত নীতিগতভাবে নারীদের সমান মর্যাদা দেয়। তাই, হাসিনা যতদিন ইচ্ছা আমাদের পাসপোর্ট নিয়ে ভারতেই থাকতে পারবেন।’
গত ২০২৪ সালের আগস্ট মাসে প্রবল জনরোষ ও গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর পর থেকেই বাংলাদেশে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল তাঁকে বিচারের মুখোমুখি করার জন্য ভারত থেকে প্রত্যর্পণের দাবি জানিয়ে আসছে।
নয়াদিল্লি ও ঢাকার মধ্যে বিদ্যমান বন্দী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনার মধ্যেই শাসকদল বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মনিয়ম স্বামীর এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ রাজনীতি এবং ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
Bangladesh wants India to extradite former Bangladesh Hasina hiding in Bharat Desh. We must refuse that demand since Islamic Bangladesh does not regard their Muslim females as equal to their Muslim men. Former elected Bangla Desh President Hasina was toppled by the hard line BD Males who don’t treat women as equals and can have four wives for one male Muslim. Hindustan treats Women as equals theoretically. Hence Hasina will stay in Bharat as long she wants with our passport.
— Subramanian Swamy (@Swamy39) November 10, 2026
নয়াদিল্লি ইতিপূর্বে একাধিকবার বলেছে, শেখ হাসিনার ভারতে অবস্থান সম্পূর্ণভাবে নিরাপত্তা এবং তৎকালীন উদ্ভূত পরিস্থিতির ওপর ভিত্তি করেই অব্যাহত রাখা হয়েছে।