হোম > বিশ্ব > ভারত

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি

আজকের পত্রিকা ডেস্ক­

পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্স। ছবি: সংগৃহীত

ভারতের পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বেইন্সের পদত্যাগ দাবি করেছে রাজ্যটির বিরোধী দল বিজেপি। রাজ্যে বিভিন্ন নিয়োগ ও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অনিয়মের অভিযোগ তুলে এই দাবি জানানো হয়েছে। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, গত সাড়ে চার বছরে রাজ্যে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি।

এর আগে রাজ্যে বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বলেছিলেন, ‘পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কবে পদত্যাগ করবেন? নৈতিকতার কারণে অরবিন্দ কেজরিওয়াল কবে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইবেন?’

তিনি অভিযোগ করেন, পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের (পিএসইবি) দ্বাদশ শ্রেণির ইংরেজি পরীক্ষা, পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট (পিএসটিইটি) এবং কৃষি উন্নয়ন কর্মকর্তা (এডিও) নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। এ ছাড়া পাঞ্জাব সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ডের (পিএসএসএসপি) গ্রুপ-বি ও সম্মিলিত নিয়োগেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

বিজেপির পাশাপাশি কংগ্রেসও পাঞ্জাব সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। রাজ্য কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা অভিযোগ করেন, গত চার বছরে ছয়টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘চার বছর, ছয়টি বড় প্রশ্নপত্র ফাঁস। অসংখ্য শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে গেছে। অথচ কোনো জবাবদিহি নেই।’

তবে বিজেপি ও কংগ্রেসের অভিযোগকে ‘ভুয়া খবর’ বলে দাবি করেছে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি)। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, গত সাড়ে চার বছরে পাঞ্জাবে একটি প্রশ্নপত্রও ফাঁস হয়নি।

তবে তিনি স্বীকার করেন, দুটি পরীক্ষাকেন্দ্রে নকলের চেষ্টা ধরা পড়েছিল। তাঁর দাবি, ঘটনার ১০ মিনিটের মধ্যেই ব্যবস্থা নেওয়া হয় এবং নকলচক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে এএপি নেতা বলতেজ পান্নুও অভিযোগগুলোকে মিথ্যা বলে দাবি করেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় ব্যবস্থা নেওয়া হলেও প্রশ্নপত্র ফাঁস হয়নি।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরই পাঞ্জাবের এই ঘটনাকে ঘিরে বিজেপি ও এএপির মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ‘নিট’ (এনইইটি) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লিতে এক মাস ধরে চলা বিক্ষোভের পর ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পরে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

এবার ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

সামনে উপনির্বাচন, জেন-জি বিক্ষোভের জেরে ঘাঁটিতেও শঙ্কায় বিজেপি

ব্রিটেনে আটকে রাখা হয়েছিল ভারতীয় যে রাজাকে

আন্দোলনকারীদের ‘শুক্রবারের লোকজন’ বললেন শুভেন্দু, কাদের প্রতি ইঙ্গিত

ভারতে বাংলাদেশি দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

আন্দোলন প্রত্যাহার ককরোচদের, সব দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের

প্রশ্নপত্র ফাঁস আন্দোলন থেকেই রাজনৈতিক উত্থান, একই ইস্যুতে মন্ত্রিত্ব হারালেন ধর্মেন্দ্র প্রধান

অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে যৌথভাবে কাজ করতে চায় ভারত: রণধীর জয়সওয়াল