হোম > বিশ্ব > ভারত

মণিপুরের কাংপোকপিতে দুর্বৃত্তের গুলিতে ৩ কুকি নিহত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: পিটিআই

ভারতের মণিপুরের কাংপোকপি জেলায় দুর্বৃত্তের গুলিতে কুকি সম্প্রদায়ের তিন নাগরিক নিহত এবং ৪ জন আহত হয়েছেন। কাংপোকপির এই সড়কটিতে ঠিক চার দিন আগে একটি অতর্কিত হামলায় স্থানীয় এক স্কুলের প্রধান শিক্ষকসহ ৪ নাগা বেসামরিক নাগরিক নিহত হয়। আজ আবার নতুন করে এই সহিংসতার ঘটনা ঘটল।

কাংপোকপির পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) অভিনব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ সোমবার মণিপুরের টি ওয়াইচং মহকুমায় গুলির ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। হামলাকারীদের এখনো শনাক্ত করা সম্ভব যায়নি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এদিকে এক বিবৃতিতে টুইলাং এরিয়া কুকি নাগরিক সমাজের (সিএসও) ওয়ার্কিং কমিটি অভিযোগ করেছে, হামলাকারীরা নাগাল্যান্ডের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন-আইএম) এবং তাদের সঙ্গে যুক্ত সংগঠন জেডইউএফ-কে-এর (জেলিআঙ্গরং ইউনাইটেড ফ্রন্ট) ক্যাডার ছিল। তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে বিচ্ছিন্নতাবাদী এনএসসিএন (আইএম)-এর আনুমানিক ৫০ জন ক্যাডার ভারী অস্ত্রসহ গ্রামে হামলা চালায়। তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে দুই নারীসহ তিন নিরপরাধ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

সিএসও এই ঘটনায় এনএসসিএন (আইএম) এবং জেডইউএফ (কে)-এর সম্পৃক্ততার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে।