হোম > বিশ্ব > ভারত

জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবিতে একজন মার্কিন মেরিন সেনাকে একটি এফজিএম-১৪৮ জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে দেখা যাচ্ছে। ছবি: লকহিড মার্টিনের সৌজন্যে

যুক্তরাষ্ট্রের কাছ থেকে সর্বাধুনিক জ্যাভলিন ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে একটি চুক্তি স্বাক্ষর করেছে ভারতীয় সেনাবাহিনী। আজ শুক্রবার ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেনি।

লকহিড মার্টিন ও আরটিএক্সের যৌথ উদ্যোগে নির্মিত এই মাঝারি পাল্লার গাইড ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি সাঁজোয়া যানসহ নানা ধরনের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। মার্কিন দূতাবাস জানিয়েছে, এই জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইতিমধ্যে মার্কিন সেনাবাহিনী, মেরিন কোর ও বিশ্বের একাধিক দেশের সামরিক বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।

ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সারজিও গোর এই চুক্তিকে উভয় দেশের প্রতিরক্ষাশিল্পের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘আমরা ভবিষ্যতে এমন দ্বিপক্ষীয় সহযোগিতার বিশাল সম্ভাবনা দেখছি, যা দুই দেশের প্রতিরক্ষাশিল্প খাতকে আরও শক্তিশালী করবে।’

তবে এই চুক্তির বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সামরিক ব্যয়ের দিক থেকে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এবং ইউক্রেনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে প্রতিরক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে একটি রূপরেখা চুক্তি স্বাক্ষর করে ভারত ও যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক মাসগুলোয় ভারতীয় পণ্যের ওপর ওয়াশিংটনের উচ্চ শুল্ক আরোপ, রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে ভারতের ওপর চাপ সৃষ্টি ও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতার কারণে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে নতুন এই চুক্তির মাধ্যমে স্পষ্ট হলো যে, যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা সম্পর্কের ওপর এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

তথ্যসূত্র: রয়টার্স