বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং আসন্ন গঙ্গা পানিচুক্তি নবায়নসহ দ্বিপক্ষীয় নানা ইস্যুতে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ)। নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের অপরিবর্তিত অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক একটি বক্তব্য ও চলমান অস্থিরতার কথা উল্লেখ করে জানতে চান—অভিযোগ করা হচ্ছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাংলাদেশে নাশকতা চালাচ্ছে আর এর পেছনে রয়েছে নয়াদিল্লিতে বসে থাকা বড় বড় নেতারা। এ বিষয়ে ভারতের অবস্থান কী?
এই প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের অবস্থান পূর্বের মতোই অটল রয়েছে। আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক কামনা করি। এটি এমন এক সম্পর্ক, যা দুই দেশের যৌথ ইতিহাস এবং দুই দেশের মানুষের অভিন্ন সাংস্কৃতিক মূলবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তবে বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনার বিষয়ে আমার নতুন কোনো মন্তব্য নেই।
ব্রিফিংয়ে আরেক সাংবাদিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের অনুরোধ সংক্রান্ত অগ্রগতির বিষয়ে জানতে চান। জবাবে জয়সওয়াল আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ‘শেখ হাসিনার প্রত্যর্পণ একটি আইনি বিষয়। আইনিভাবেই বিষয়টির সমাধান হবে।’
আগামী ১২ ডিসেম্বর বহুল আলোচিত বাংলাদেশ–ভারত গঙ্গা পানিচুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে ভারতের একটি প্রতিনিধিদল বাংলাদেশে রয়েছে। এ বিষয়ে কোনো অগ্রগতি বা আলোচনা হয়েছে কি না—সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল ভারতের স্বার্থ রক্ষার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গঙ্গা পানিচুক্তির বিষয়ে আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সমস্ত আন্তসীমান্ত নদী নিয়ে আলোচনার জন্য এটিই একমাত্র প্রাতিষ্ঠানিক বা কাঠামোবদ্ধ ব্যবস্থা।
জয়সওয়াল আরও বলেন, ভারত নিজস্ব স্বার্থ সুরক্ষিত রেখে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় এবং আন্তসীমান্ত নদীর পানি বণ্টনের আলোচনা সেই কাঠামোতেই পরিচালিত হবে।
প্রসঙ্গত, গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় কোনো দেশের নাম সরাসরি উল্লেখ না প্রধানমন্ত্রী বলেন, তারা (আওয়ামী লীগ) এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।