হোম > বিশ্ব > ভারত

পশ্চিমবঙ্গে নির্বাচন: বুথফেরত অধিকাংশ জরিপেই এগিয়ে বিজেপি

আজকের পত্রিকা ডেস্ক­

আজ বুধবার পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হয়। ছবি: এএফপি

পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ২৯৪ আসন থেকে প্রয়োজন ১৪৮টি। সর্বশেষ অধিকাংশ বুথফেরত জরিপেই বিজেপি এগিয়ে আছে বলে জানা গেছে। কোনো কোনো জরিপে আবার তৃণমূল এগিয়ে রয়েছে। তবে সবখানেই বিজেপি ও তৃণমূলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

ভারতের নির্বাচনী ইতিহাস বলছে, অনেক ক্ষেত্রেই এ ধরনের বুথফেরত বা প্রাক্‌-নির্বাচনী জনমত জরিপ মেলে না। তবে মিলে যাওয়ার কিছু উদাহরণও রয়েছে। সর্বশেষ ২০২১ সালের নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ৭৭টি আসন।

বেসরকারি সংস্থা ম্যাট্রিজের বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে ১৪৬ থেকে ১৬১টি আসন পেতে চলেছে বিজেপি। তৃণমূল পাচ্ছে ১২৫ থেকে ১৪০টি আসন। অন্যরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে ম্যাট্রিজের জরিপে দেখা গিয়েছে। তবে বাম বা কংগ্রেস এ রাজ্যে খাতা খুলতে পারবে না বলে দাবি করা হয়েছে।

ভারতের রাজনৈতিক গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান চাণক্য স্ট্র্যাটেজি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের যে জরিপ প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, বিজেপি ১৫০ পেরিয়ে গেছে। ১৫০ থেকে ১৬০টি আসন পেতে পারে তারা। তৃণমূল পাচ্ছে ১৩০ থকে ১৪০টি আসন। অন্যরা ছয় থেকে ১০টি আসন পেতে পারে বলে দাবি করা হয়েছে। তবে বাম ও কংগ্রেসের আসন শূন্য।

নির্বাচনী জরিপ সংস্থা পিপলস পালসের জরিপে তৃণমূল এগিয়ে। তারা পাচ্ছে ১৭৮ থেকে ১৮৯টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। অন্যদের মধ্যে কংগ্রেস এক থেকে তিনটি আসন এবং বামেরা শূন্য থেকে একটি আসনে জয় পেতে পারে বলে এই জরিপে দাবি করা হয়েছে।

পি-মার্কের জরিপে পশ্চিমবঙ্গে তারা বিজেপিকে এগিয়ে রেখেছে। তাদের মতে, এ রাজ্যে ১৫০ থেকে ১৭৫টি আসনে জিততে পারে। অন্য দিকে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। অন্যদের কোনো আসন দেওয়া হয়নি এই জরিপে।

প্রজা পোলের জরিপে বিজেপিকে ১৭৮ থেকে ২০৮টি আসনে এগিয়ে রাখা হয়েছে। তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০টি আসন। অন্য দলগুলো শূন্য থেকে পাঁচটি আসনে জিততে পারে বলে এই জরিপে দাবি করা হয়েছে।

পোল ডায়েরির জরিপ বলছে, পশ্চিমবঙ্গে ১৪২ থেকে ১৭১টি আসন পেতে পারে বিজেপি। তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭টি। অন্যদের পাঁচ থেকে ৯টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি করা হচ্ছে এই জরিপে।

জনমত পোলসের জরিপে আবার তৃণমূলকে এগিয়ে রাখা হয়েছে। ১৯৫ থেকে ২০৫টি আসন পেয়ে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ক্ষমতা ধরে রাখবে বলে দাবি করা হচ্ছে এই জরিপে। বিজেপি পেতে পারে ৮০ থেকে ৯০টি আসন। কংগ্রেসকে এক থেকে তিনটি আসন এবং বামদের শূন্য থেকে একটি আসন দেওয়া হয়েছে। অন্যরা পেতে পারে তিন থেকে পাঁচটি আসন।

টাইমস নেটওয়ার্ক দ্বারা পরিচালিত জেভিসির জরিপে তৃণমূলকে ১৩১ থেকে ১৫২টি আসনে এগিয়ে রাখা হয়েছে। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯টি। কংগ্রেসকে শূন্য থেকে দুটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়।

আজ বুধবার ছিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ। এই দফায় সাত জেলার ১৪২টি আসনে ভোট হয়েছে। এর আগে ২৩ এপ্রিল ১৬টি জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পর এ বছর ভোটের হার অন্যবারের তুলনায় অনেক বেশি। পশ্চিমবঙ্গের ভোটদানের হার নজির গড়ে ফেলেছে ইতিমধ্যে। ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে রাজ্যে। তবে এ রাজ্যে দ্বিতীয় দফার ভোটদানের চূড়ান্ত হার এখনো প্রকাশ্যে আসেনি। তার আগেই বুথফেরত জরিপের ফল প্রকাশ করেছে বিভিন্ন সংস্থা। আগামী ৪ মে পশ্চিমবঙ্গে ভোট গণনা হবে। ভোটের চূড়ান্ত ফল জানা যাবে সেদিনই। শেষ মুহূর্তে বুথফেরত জরিপের হিসাব উল্টে যাবে কি না, ওই দিনই স্পষ্ট হবে।

পশ্চিমবঙ্গে নির্বাচন: দ্বিতীয় দফার ভোট শুরু, একই আসনে লড়ছেন মমতা-শুভেন্দু

ভরপেট বিরিয়ানির পর তরমুজ, একে একে প্রাণ হারাল একই পরিবারের ৪ সদস্য

মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

এক বছরেও স্বাভাবিক হয়নি পর্যটন খাত

ফিরছে পর্যটক, জম্মু-কাশ্মীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা স্থানীয়দের

কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী রঘু রাই আর নেই

কেজরিওয়ালের দল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন রাঘব চাড্ডা–হরভজন সিং

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন: প্রথম দফায় রেকর্ড ৯৩ শতাংশ ভোটদান, কিসের ইঙ্গিত

‘আমেরিকান ড্রিমে’ ফাটল, যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন ৪০ শতাংশ ভারতীয় অভিবাসী