ভারতের দ্রুত সম্প্রসারিত ডিজিটাল জ্যোতিষের বাজারে প্রবেশ করছে ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান জিও প্ল্যাটফর্মস। এআই প্রযুক্তিনির্ভর ‘জিওঅ্যাস্ট্রো’ নামে একটি বৈদিক জ্যোতিষ প্ল্যাটফর্ম চালু করেছে প্রতিষ্ঠানটি। এতে ব্যক্তিগত জন্মকুণ্ডলী, রাশিফল ও জন্মছক বিশ্লেষণের সুবিধা রয়েছে। এর মাধ্যমে অ্যাস্ট্রোটক ও অ্যাস্ট্রোসেজের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় নামছে জিও।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডের খবরে বলা হয়েছে, জিওঅ্যাস্ট্রো ব্যবহারকারীর জন্মতারিখ, জন্মসময় ও জন্মস্থান অনুযায়ী ব্যক্তিগত জন্মছক তৈরি করে। এ জন্য সুইস এফেমেরিস নামের একটি গণনাপদ্ধতি ব্যবহার করা হয়। এতে উত্তর ভারতীয় ও দক্ষিণ ভারতীয় পদ্ধতিতে ডি১ (লগ্ন) ও ডি৯ (নবাংশ) জন্মছক দেখার সুযোগ রয়েছে।
প্ল্যাটফর্মটির এআই জ্যোতিষী ৪০ টির বেশি যোগ শনাক্ত করতে পারে। পাশাপাশি মাঙ্গলিক, কালসর্প, পিতৃ ও গ্রহণসহ বিভিন্ন ধরনের দোষও পরীক্ষা করতে পারে।
এ ছাড়া দৈনিক ও বার্ষিক রাশিফল, শুভ কাজের সময় নির্ধারণের জন্য মুহূর্ত এবং তিথি ও নক্ষত্রের মতো বিষয় নিয়ে দৈনিক পঞ্জিকা দেখার সুবিধা রয়েছে। ‘লাইফ স্ন্যাপশট’ নামের একটি ফিচারে পেশা, সম্পর্ক, সম্পদ, স্বাস্থ্য ও আধ্যাত্মিক জীবন নিয়ে জ্যোতিষভিত্তিক বিশ্লেষণ পাওয়া যাবে।
জিওঅ্যাস্ট্রো ইংরেজি, হিন্দি, মারাঠি ও গুজরাটি ভাষায় ব্যবহার করা যাবে। একটি অ্যাকাউন্টে পরিবারের সর্বোচ্চ চারজন সদস্যের আলাদা প্রোফাইল তৈরি এবং ব্যক্তিগত জ্যোতিষ প্রতিবেদন পিডিএফ আকারে ডাউনলোডের সুবিধাও রয়েছে।
তবে জিওঅ্যাস্ট্রোর বর্তমান ব্যবহারের শর্তাবলি অনুযায়ী, মোবাইল অ্যাপটি এখনো ইনভাইটেশন বা আমন্ত্রণনির্ভর প্রোটোটাইপ হিসেবে রয়েছে এবং অভ্যন্তরীণ পরীক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ব্যবহার করা যাচ্ছে। সাধারণ গ্রাহকদের জন্য এটি কবে উন্মুক্ত হবে এবং সেবার মূল্য কত হবে, তা এখনো জানানো হয়নি।
ভারতের জ্যোতিষভিত্তিক ডিজিটাল সেবার বাজার দ্রুত বড় হচ্ছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান মার্কএনটেল অ্যাডভাইজরসের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির ডিজিটাল জ্যোতিষের বাজারের আকার প্রায় ৩৯ কোটি ডলার। ২০৩২ সালের মধ্যে তা বেড়ে ২৩২ কোটি ডলারে পৌঁছাতে পারে। এ সময়ে বাজারটির বার্ষিক গড় প্রবৃদ্ধি হতে পারে ৩৪ দশমিক ৬১ শতাংশ।
এই খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাস্ট্রোটক ২০২৬ সালের শুরুতে ভারতের ইউনিকর্ন প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নেয়। কর্মীদের শেয়ার মালিকানা কর্মসূচি বা ইএসওপি বায়ব্যাকের মাধ্যমে প্রতিষ্ঠানটির মূল্যায়ন দাঁড়ায় ১০০ কোটি ডলার। প্রতিষ্ঠানটি বছরে ২ হাজার ৫০০ কোটি রুপির বেশি রাজস্ব আয়ের গতিও অর্জনের কথা জানিয়েছিল।
অ্যাস্ট্রোটক মূলত অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের সঙ্গে জ্যোতিষীদের চ্যাট ও ফোনে পরামর্শের সুযোগ দেয়। অন্যদিকে, জিওঅ্যাস্ট্রো এআইনির্ভর স্বয়ংক্রিয় বিশ্লেষণ ও কথোপকথনের মাধ্যমে পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে।
এই বাজারে অ্যাস্ট্রোসেজ, অ্যাস্ট্রযোগী, ইনস্টাঅ্যাস্ট্রো, ক্লিকঅ্যাস্ট্রো ও গণেশাস্পিকসের মতো প্রতিষ্ঠানও রয়েছে। অ্যাস্ট্রোসেজ বিনা মূল্যে জন্মকুণ্ডলী তৈরি ও রাশিফল দেখার সুবিধা দেয়। অ্যাস্ট্রযোগী ও ইনস্টাঅ্যাস্ট্রো চ্যাট ও ফোনে জ্যোতিষীদের সঙ্গে পরামর্শের সুযোগ দেয়। ক্লিকঅ্যাস্ট্রো ব্যক্তিগত রাশিফল ও জন্মছক বিশ্লেষণ করে। আর গণেশাস্পিকস জ্যোতিষ পরামর্শ ও ভবিষ্যদ্বাণীমূলক সেবা দেয়। এসব প্রতিষ্ঠানের কয়েকটি ট্যারো কার্ড, সংখ্যাতত্ত্ব ও অন্যান্য আধ্যাত্মিক সেবাও যুক্ত করেছে।
ডিজিটাল জ্যোতিষের জনপ্রিয়তা বাড়ার বিষয়টি অ্যাপ ডাউনলোডের পরিসংখ্যানেও উঠে এসেছে। বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জ্যোতিষভিত্তিক অ্যাপ ১৫ কোটি বার ডাউনলোড হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা ৭৫ শতাংশ বেশি।
একই সময়ে ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ক অ্যাপ ডাউনলোড হয়েছে আরও ১৪ কোটি ৬০ লাখ বার। ফলে দুই ধরনের অ্যাপের মোট ডাউনলোড দাঁড়িয়েছে প্রায় ৩০ কোটিতে। ২০২৫ সালের পুরো বছরে এই সংখ্যা ছিল ২৪ কোটি ৮০ লাখ।
তরুণরাও এই বাজারের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যোতিষভিত্তিক অ্যাপের সবচেয়ে বড় ব্যবহারকারী গোষ্ঠী ২৫ থেকে ৩৫ বছর বয়সীরা। জেনারেশন জেড বা জেন-জিদের মধ্যেও এসব অ্যাপের ব্যবহার উল্লেখযোগ্য।
প্রতিবেদনে উদ্ধৃত অ্যাস্ট্রযোগীর এক জরিপে দেখা গেছে, জেন-জি উত্তরদাতাদের ৫৩ দশমিক ৮ শতাংশ জ্যোতিষীদের পরামর্শ নিয়েছেন। তাঁদের বেশির ভাগই সম্পর্কসংক্রান্ত বিষয়ে পরামর্শ চেয়েছেন।