ভারত সফরের শুরুতেই ক্রিকেট খেলায় মেতে উঠলেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। সোমবার (১৬ নভেম্বর) মুম্বাইয়ে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের সঙ্গে ‘গলি ক্রিকেট’ খেলেন তাঁরা। তিন দিনের ভারত সফরে এসে প্রথম দিনেই স্থানীয় শিশু-কিশোরদের সঙ্গে এই আয়োজনে অংশ নেন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস।
মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের সঙ্গে ছিলেন ভারতের সাবেক নারী ক্রিকেটার পুনম রাউত। তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করা ‘দ্য রাইট পিচ’ নামের একটি উদ্যোগের সহযোগিতায় আয়োজনটি করা হয়। এতে শহরের বিভিন্ন এলাকার কয়েক শ স্কুলশিক্ষার্থী অংশ নেয়। তাদের কেউ রাজদম্পতির সঙ্গে মাঠে ক্রিকেট খেলে, আবার কেউ খেলা উপভোগ করে।
গলি ক্রিকেট ভারতের পাড়া-মহল্লায় প্রচলিত এক ধরনের অনানুষ্ঠানিক ক্রিকেট। সরু গলি, রাস্তা, উঠান কিংবা খোলা জায়গায় এই খেলা হয়। প্রচলিত ক্রিকেটের মতো এখানে নির্দিষ্ট মাঠ বা খেলোয়াড়ের সংখ্যা বাধ্যতামূলক নয়। জায়গা ও পরিস্থিতি অনুযায়ী নিয়ম পরিবর্তন করা হয়। অনেক সময় দেয়াল, বাড়িঘর কিংবা আশপাশের স্থাপনাও খেলার অংশ হয়ে ওঠে। ভারতের অনেক ক্রিকেটার শৈশবে এভাবেই খেলতে খেলতে পেশাদার ক্রিকেটে এসেছেন।
এর আগে ২০১৬ সালে ভারত সফরের সময়ও মুম্বাইয়ের ওভাল ময়দানে স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন উইলিয়াম ও কেট। সেবারও তাঁদের সঙ্গে ছিলেন শচীন টেন্ডুলকার।
এবারের আয়োজনে কেট পরেছিলেন জলপাই রঙের জ্যাকেট ও সাদা ট্রাউজার। আর উইলিয়ামের পরনে ছিল ভারতীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কার্ডোর তৈরি নীল ডোরাকাটা নেহরু জ্যাকেট। খেলা শেষে শচীন টেন্ডুলকারের সঙ্গে মাটির ছোট কাপে পরিবেশন করা ঐতিহ্যবাহী ভারতীয় চা পান করেন রাজদম্পতি।
প্রিন্স উইলিয়াম ও কেট ভারতে গেছেন বার্ষিক ‘আর্থশট প্রাইজ’ পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে। মঙ্গলবার অনুষ্ঠিত হবে এবারের আয়োজন। পরিবেশ রক্ষায় বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে কাজ করা পাঁচটি উদ্যোগকে এই পুরস্কার দেওয়া হবে। প্রত্যেক বিজয়ী পাবেন ১০ লাখ পাউন্ড।
বলিউড নির্মাতা করণ জোহরের উপস্থাপনায় অনুষ্ঠানে অভিনেত্রী আলিয়া ভাট, সোনম কাপুর ও রামি মালেকের উপস্থিত থাকার কথা রয়েছে। সংগীত পরিবেশন করবে ভারতের শিল্পী শ্রেয়া ঘোষাল এবং ব্রিটিশ ব্যান্ড ‘টেক দ্যাট’।
সফরে মুম্বাইয়ের মেট্রোরেলে ভ্রমণসহ ভারতীয় চলচ্চিত্র, ফ্যাশন ও পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন উইলিয়াম ও কেট। বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে তাঁদের সফর শেষ হবে।
দশ বছর পর ভারত সফরে এলেন এই রাজদম্পতি। ২০২৪ সালে ক্যানসারের চিকিৎসা নেওয়ার পর এটিই কেটের অন্যতম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।