হোম > বিশ্ব > ভারত

প্রশ্নফাঁস ঠেকাতে মোদি সরকারের উদ্যোগ, টাস্কফোর্সে মহাকাশ বিজ্ঞানীও

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তির ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের পুরো পরীক্ষা ব্যবস্থা সংস্কার এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে ঢেলে সাজাতে একটি উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠন করেছে দেশটির সরকার।

গতকাল রোববার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন। প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইনফোসিস’-এর সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানিকে এই বিশেষজ্ঞ প্যানেলের প্রধান করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আমাদের পরীক্ষা ব্যবস্থা হতে হবে নির্ভরযোগ্য, স্বচ্ছ এবং এতে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এসব বিষয় মাথায় রেখেই বিশ্বখ্যাত প্রযুক্তি বিশেষজ্ঞ নন্দন নিলেকানির নেতৃত্বে এই উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এই কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে আগামী পরীক্ষাগুলোর স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হবে।

কারা আছেন এই বিশেষজ্ঞ প্যানেলে?

প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, গোয়েন্দা নজরদারি, একাডেমিক নীতি এবং লজিস্টিকস বিষয়ের ছয়জন অভিজ্ঞ বিশেষজ্ঞকে নিয়ে এই প্যানেল গঠন করা হয়েছে:

নন্দন নিলেকানি (প্রযুক্তি ও উপাত্ত নিরাপত্তা): ইনফোসিসের অ-নির্বাহী চেয়ারম্যান এবং ভারতের ‘আধার’ প্রকল্পের প্রধান কারিগর নন্দন নিলেকানি প্রযুক্তির মানোন্নয়ন ও উপাত্ত সুরক্ষায় নেতৃত্ব দেবেন। পরীক্ষা প্রক্রিয়ার জন্য একটি হ্যাক-প্রতিরোধী ও সম্পূর্ণ এনক্রিপ্টেড ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরিতে তিনি কাজ করবেন।

এস সোমনাথ (মহাকাশ বিজ্ঞান ও প্রক্রিয়া নিয়ন্ত্রণ): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) সাবেক প্রধান এবং চন্দ্রযান-৩ অভিযানের পরিচালক এস সোমনাথ মহাকাশ গবেষণার মতো পরীক্ষা পদ্ধতিতেও ‘জিরো-ডিফেক্ট’ বা শতভাগ নিখুঁত নিরাপত্তা মানদণ্ড যুক্ত করবেন। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ফল প্রকাশ পর্যন্ত বহুস্তরের নিরাপত্তা নিশ্চিত করা তার কাজ হবে।

তপন ডেকা (গোয়েন্দা ও সাইবার নজরদারি): ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘ইন্টেলিজেন্স বিউরোর (আইবি) সাবেক পরিচালক তপন কুমার ডেকা প্রশ্নফাঁস চক্র ও পরীক্ষা মাফিয়াদের দমনে রিয়েল-টাইম সাইবার নজরদারি এবং শক্ত গোয়েন্দা নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নির্ধারণ করবেন।

ভি কামাকোটি (সাইবার অবকাঠামো সুরক্ষা): আইআইটি মাদ্রাজের পরিচালক এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য ভি কামাকোটি পরীক্ষার মূল সার্ভার ও ডিজিটাল অবকাঠামোকে সাইবার হামলা থেকে সুরক্ষার রূপরেখা দেবেন।

অনিতা কারওয়াল (একাডেমিক ও নীতিগত সংস্কার): ভারতের স্কুল শিক্ষা বিভাগের সাবেক সচিব অনিতা কারওয়াল পরীক্ষা কেন্দ্রের মানদণ্ড নির্ধারণ, গ্রেস মার্কস প্রদান নীতি এবং উত্তরপত্রের ত্রুটি নিরসনে কাজ করবেন।

অমৃত লাল মীনা (সুরক্ষিত পরিবহন ও লজিস্টিকস): সাবেক আমলা ও লজিস্টিকস বিশেষজ্ঞ অমৃত লাল মীনা প্রশ্নপত্র ছাপা, সংরক্ষণ ও পরিবহনে ডিজিটাল প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা দেবেন। জিপিএস ট্র্যাকিং এবং সময়মতো খোলার মতো ডিজিটাল লকযুক্ত কনটেইনার ব্যবহারের মাধ্যমে ট্রাঙ্ক থেকে প্রশ্নপত্র গায়েব বা ছবি তোলার ঝুঁকি বন্ধ করার ওপর গুরুত্ব দেবেন তিনি।

বিগত কয়েক মাস ধরে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে ভারতে ব্যাপক ছাত্র বিক্ষোভ তৈরি হয়। সরকারের আশা, এই বহু খাতভিত্তিক প্রযুক্তি নির্ভর সংস্কার পরীক্ষা ব্যবস্থার ওপর শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে।

‘জানি, পোস্ট সরানোর জন্য মাকে ফোন করবেন’, শিক্ষামন্ত্রীর পিএর উদ্দেশে বিজেপি এমপির মেয়ে

বিহারে একে–৪৭ দিয়ে আন্দোলনকারীদের ওপর গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

এবার পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইল বিজেপি

এবার ভিডিও বার্তায় প্রশ্নপত্র ফাঁস বন্ধে টাস্কফোর্স গঠনের ঘোষণা মোদির

সামনে উপনির্বাচন, জেন-জি বিক্ষোভের জেরে ঘাঁটিতেও শঙ্কায় বিজেপি

ব্রিটেনে আটকে রাখা হয়েছিল ভারতীয় যে রাজাকে

আন্দোলনকারীদের ‘শুক্রবারের লোকজন’ বললেন শুভেন্দু, কাদের প্রতি ইঙ্গিত

ভারতে বাংলাদেশি দম্পতিকে মারধর, চিকিৎসক গ্রেপ্তার

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশি

আন্দোলন প্রত্যাহার ককরোচদের, সব দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের