হোম > বিশ্ব > ভারত

বাংলাদেশের মতো রেজিম চেঞ্জের চক্রান্ত চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি: সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জ্যেষ্ঠ নেতা রাজনাথ সিং অভিযোগ করেছেন, কংগ্রেস ও তার মিত্র দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের নামে দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে ‘বাংলাদেশের মতো করে ক্ষমতার পরিবর্তন’ ঘটানোর চেষ্টা করছে।

আজ শুক্রবার উত্তরপ্রদেশের লক্ষ্ণৌয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং বলেন, নির্বাচনী সংস্কার ও নির্বাচন কমিশনের ‘বিশেষ ব্যাপক পুনর্নিরীক্ষণ’ (এসআইআর) কার্যক্রমকে অজুহাত হিসেবে ব্যবহার করে বিরোধীরা রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে তরুণ সমাজকে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘দেশের তরুণ সমাজকে বিশৃঙ্খলার রাজনীতিতে গুটি হিসেবে ব্যবহার করার চেষ্টা চলছে। কেউ কেউ ক্ষমতা পরিবর্তনের স্বপ্ন দেখছেন—যা বাংলাদেশের ঘটনাবলি থেকে অনুপ্রাণিত বলে তাঁরা প্রকাশ্যে স্বীকারও করছেন। অন্যদিকে অনেকে সরাসরি সরকার পতনের ডাক দিচ্ছেন।’

রাজনাথ সিং আরও যোগ করেন, ‘এ থেকে স্পষ্ট বোঝা যায়, তাঁদের একমাত্র এজেন্ডা হলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা এবং দেশে আগুন জ্বালিয়ে দেওয়া। তাঁদের এই লড়াই নির্বাচনী সংস্কারের জন্য নয়, এটি দেশে নৈরাজ্য ছড়িয়ে ক্ষমতা দখলের এক ষড়যন্ত্র।’

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকা পুনর্নিরীক্ষণ কার্যক্রমের বিরুদ্ধে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ও বিভিন্ন ছাত্র সংগঠনের টানা বিক্ষোভের মুখে প্রতিরক্ষামন্ত্রীর কাছ থেকে এই কড়া বক্তব্য এলো।

সংবাদ সম্মেলনে লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীরও তীব্র সমালোচনা করেন প্রতিরক্ষামন্ত্রী। রাজনাথ সিং অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সংবিধান স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে বলি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘মিথ্যা ক্ষোভ প্রদর্শন এবং প্রাতিষ্ঠানিক বদনামের মাধ্যমে ভারতের উন্নয়ন যাত্রা ব্যাহত করা যাবে না। ধ্বংসাত্মক রাজনীতি ছেড়ে রাহুল গান্ধীর উচিত জনরায়কে সম্মান করা এবং নিজের রাজনৈতিক ভূমিকা নিয়ে আত্মপর্যালোচনা করা।’

ভোটার তালিকায় জালিয়াতি সংক্রান্ত রাহুল গান্ধীর বিভিন্ন সময় করা অভিযোগের সমালোচনা করে রাজনাথ সিং বলেন, কংগ্রেস নেতা ভুয়া ভোটারের যে অভিযোগ তুলেছেন তার সপক্ষে কোনো প্রমাণ তিনি দিতে পারেননি।

‘রাহুল গান্ধী কখনো দাবি করেছেন ৭০ বছর বয়সী এক নারী দ্বৈত ভোটার, আবার কখনো বলেছেন ৩৫ বছর বয়সী নারীকে ১২৪ বছরের ভোটার দেখানো হয়েছে। এমনকি সাধারণ নাগরিকদের ভুয়া ভোটার বলে তিনি অপমানিত করেছেন। অথচ তাঁর নিজের দল ভোটার তালিকা নিয়ে কখনোই কোনো আনুষ্ঠানিক আপিল জমা দেয়নি, কারণ এসব দাবির পক্ষে তাঁদের কাছে কোনো প্রমাণ নেই,’ বলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী।

লক্ষ্ণৌয়ের ওই সংবাদ সম্মেলনে উত্তরপ্রদেশ রাজ্য বিজেপির সভাপতি পঙ্কজ চৌধুরীও উপস্থিত ছিলেন। তিনিও অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে হস্তক্ষেপের এক গভীর ষড়যন্ত্র চলছে।

একই সঙ্গে উত্তরপ্রদেশে কংগ্রেসের রাজনৈতিক অবস্থান নিয়ে খোঁচা দিয়ে রাজনাথ সিং বলেন, দলটি বিগত ৩৭ বছর ধরে এই রাজ্যে ক্ষমতার বাইরে রয়েছে। সমাজবাদী পার্টির (এসপি) সমর্থন ছাড়া রাহুল গান্ধী নিজের আসন রায়বেরেলিতেও জয়লাভ করতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রাহুল গান্ধী ‘মবোক্রেসি’ দিয়ে ক্ষমতার পরিবর্তন চান: স্মৃতি ইরানি

কোন আইনে অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ দিল মোদি সরকার

যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে ইসলামাবাদের পাশে দাঁড়াবে ভারত: বিজেপি নেতা

‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার বক্তব্যের নেপথ্যে ভারতে সরকার পতনের চেষ্টা: বিজেপি

ভারতীয়দের হত্যার জন্য ‘তর সইছিল না’ গ্রেপ্তার হওয়া মার্কিন যুবকের

ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

জার্মানি থেকে দিল্লিগামী ফ্লাইটে ‘হাইজ্যাক অ্যালার্ট’, জয়পুরে জরুরি অবতরণ

আমাদের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা

বেতন দিতে হবে শাশুড়ির হাতে, পারিবারিক নির্যাতনে নারী প্রযুক্তিবিদের আত্মহত্যা

রাহুলের নেতৃত্বে কংগ্রেস নির্বাচনে হেরেই চলেছে: অমিত শাহ