কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হওয়া হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ১৮ জুলাই কৃষ্ণসাগর অতিক্রম করার সময় বাণিজ্যিক জাহাজ ‘এমভি ওমর্ফি’ হামলার শিকার হয়। ঘটনাটি ‘রুশ জলসীমায়’ ঘটেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই হামলায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। আমরা নিহত ব্যক্তির শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়, হামলার সময় জাহাজটিতে তিনজন ভারতীয়সহ মোট ১০ জন নাবিক ক্রু হিসেবে কর্মরত ছিলেন। জাহাজে থাকা অন্য দুই ভারতীয় নাগরিক নিরাপদ আছেন।
উল্লেখ্য, ১৪ জুলাই হরমুজ প্রণালিতে তেলবাহী দুটি ট্যাংকারে কথিত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এক ভারতীয় নাবিক নিহত এবং আরও আটজন আহত হন। ওই ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছিল ভারত।