হোম > বিশ্ব > ভারত

মোদি-মেলোনির রসায়ন ভেবে ভুল কোম্পানির শেয়ার কিনলেন বিনিয়োগকারীরা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় বহুল চর্চিত ‘মেলোডি’ (মোদি-মেলোনির নামের সংমিশ্রণ) জ্বর এবার সটান গিয়ে আছড়ে পড়ল ভারতের শেয়ার বাজারে। তবে সেই উত্তেজনায় তৈরি হলো এক চরম হাস্যকর ও অদ্ভুত পরিস্থিতি।

দ্য টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার একটি ভিডিও ভাইরাল হতেই বিনিয়োগকারীরা ওই টফি কোম্পানির শেয়ার কিনতে শুরু করেন। তবে সেটি প্রধানমন্ত্রী মোদির দেওয়া টফি কোম্পানি ছিল না। ফলে টফি প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে কোনো সম্পর্ক না থাকা সত্ত্বেও শেয়ার বাজারে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’ নামে অন্য একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম একলাফে প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।

প্রসঙ্গত, পাঁচ দেশ সফরের শেষ ধাপে গতকাল মঙ্গলবার ইতালির রাজধানী রোমে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকের আগে প্রধানমন্ত্রী মোদি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে পার্লে কোম্পানির আইকনিক ‘মেলোডি’ টফির একটি প্যাকেট উপহার দেন। মেলোনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেই উপহারের একটি ভিডিও পোস্ট করে মোদিকে ধন্যবাদ জানান। ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদি আমার জন্য টফি নিয়ে এসেছেন—মেলোডি।’

ভিডিওটি মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। দুই নেতার চমৎকার রসায়ন বা বোঝাপড়া ও ‘মেলোডি’ টফির এই ট্রেন্ড দেখে ভারতের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা ভাবেন, এবার বুঝি মেলোডি টফি নির্মাতা কোম্পানির ব্যবসা হু হু করে বাড়বে। এই আশায় তাঁরা শেয়ার বাজারে ‘পার্লে’ নাম দেখে ‘পার্লে ইন্ডাস্ট্রিজ’-এর শেয়ার কিনতে হুমড়ি খেয়ে পড়েন। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্মল-ক্যাপ এই কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে আপার সার্কিটে গিয়ে ঠেকায়।

তবে বিধিবাম! বিনিয়োগকারীরা ‘সঠিক সময়ে ভুল জায়গায়’ হাজির হয়েছিলেন। কারণ ৪৩ বছরের পুরোনো আইকনিক ‘মেলোডি’ চকলেট ব্র্যান্ডের আসল মালিক হলো এফএমসিজি জায়ান্ট ‘পার্লে প্রোডাক্টস’। এরা বিখ্যাত পার্লে-জি, মোনাকো বা হাইড অ্যান্ড সিক বিস্কুট তৈরি করে। এটি সম্পূর্ণ ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান এবং এটি শেয়ার বাজারে তালিকাভুক্তই নয়।

অন্যদিকে, শেয়ার বাজারে তালিকাভুক্ত পার্লে ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে চকলেট বা চিপস ব্যবসার কোনো সম্পর্কই নেই। এই কোম্পানিটি মূলত রিয়েল এস্টেট, অবকাঠামো উন্নয়ন (ইনফ্রাস্ট্রাকচার), বর্জ্য ব্যবস্থাপনা এবং রিসাইক্লিং খাতের ব্যবসা পরিচালনা করে।

গত তিন মাসে শেয়ার বাজারে পার্লে ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম প্রায় ৩৫ শতাংশ কমে ৮.০৮ রুপি থেকে ৫.২৫ রুপিতে নেমে গিয়েছিল। লোকসানে থাকা এই কোম্পানির কপাল আচমকাই খুলে যায় মোদি-মেলোনির একটি সৌজন্যমূলক ভিডিওর কল্যাণে।

শেয়ার বাজারের এই হুজুগে ও ভুল কাণ্ডটি সামনে আসার পর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে হাসির রোল পড়েছে। নেটিজেনরা মজা করে লিখছেন, প্রধানমন্ত্রী মোদি টফি উপহার দিয়ে এমন এক কোম্পানির ভাগ্য বদলে দিলেন, যারা টফিই বানায় না! অনেকে আবার রসিকতা করে বলছেন, শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে নাম নয়, কাজ দেখাটা কতটা জরুরি—এই ঘটনা তারই এক জাজ্বল্যমান প্রমাণ।

ভারতে ‘তেলাপোকা জনতা পার্টি’র যাত্রা

ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি হারালেন মোদিকে প্রশ্ন করা সেই নরওয়েজীয় সাংবাদিক

আতা-সাতা বিয়ে কী, রাজস্থানের এই প্রাচীন প্রথা নিয়ে কেন আপত্তি হাইকোর্টের

গৃহনির্যাতনের অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণের’ দরকার নেই: ভারতীয় হাইকোর্ট

নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ মোদির কার্টুন প্রকাশ

মার্কিন ছাড় না থাকলেও রুশ তেল কেনা চালিয়ে যাবে ভারত

শিগগিরই পড়ে যাবে থালাপতি বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে এবার কোরবানির কড়া নিয়ম, বিপাকে হিন্দু গরু ব্যবসায়ীরা

ইমাম-পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

ভারতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ সব যাত্রীর মৃত্যু