হোম > বিশ্ব > ভারত

শেখ হাসিনাকে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেওয়া হচ্ছে না: ভারতের সংসদীয় কমিটিকে মোদি সরকার

আজকের পত্রিকা ডেস্ক­

শেখ হাসিনা। ফাইল ছবি

ভারত সরকার দেশটির সংসদীয় কমিটিকে জানিয়েছে, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের মাটি থেকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার অনুমতি দেওয়া হয়নি।

শেখ হাসিনার চলতি বছরের শেষ নাগাদ দেশে ফেরার সাম্প্রতিক ঘোষণার প্রেক্ষাপটে এই অবস্থান জানিয়েছে ভারত সরকার। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বাংলাদেশের আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, ভারত থেকে দেশে ফেরামাত্রই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হতে পারে।

এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রবিষয়ক ওই সংসদীয় কমিটিকে জানিয়েছে, ‘হাসিনার বিরুদ্ধে ঢাকার পাঠানো প্রত্যর্পণ অনুরোধটি প্রাসঙ্গিক আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনে ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যালোচনা করে দেখছে।’

বিরোধী দল কংগ্রেসের এমপি শশী থারুরের নেতৃত্বাধীন কমিটি উল্লেখ করেছে, শেখ হাসিনার ভারতে অবস্থান এবং এ বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি নির্ধারিত হয়েছে ‘তার (ভারত রাষ্ট্রের) সভ্যতাগত সংস্কৃতি এবং চরম বিপদ বা অস্তিত্বের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের আশ্রয় দেওয়ার মানবিক ঐতিহ্য’ দ্বারা।

কমিটি পর্যবেক্ষণে আরও বলেছে, এই ধরনের মানবিক বিবেচনা দেখানোর পাশাপাশি ভারত কঠোরভাবে এই নীতি মেনে চলেছে যে—তার ভূখণ্ড ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা যাবে না।

‘ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ’-বিষয়ক তাদের সাম্প্রতিক প্রতিবেদনে কমিটি সুপারিশ করেছে, ভারত সরকারের উচিত তার নীতিগত ও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখা...এবং একই সঙ্গে এমন পরিস্থিতি যেন পূর্ণ সংবেদনশীলতার সঙ্গে সামলানো হয় তা নিশ্চিত করা।

বাংলাদেশি নাগরিকদের জন্য দৃশ্যত ভিসা প্রদান প্রক্রিয়া দ্রুত স্বাভাবিক করার পরামর্শও দিয়েছে এই সংসদীয় কমিটি। তারা উদ্বেগ প্রকাশ করে জানায়, ভিসা কম দেওয়ায় জনগণের মনোভাব এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা উদ্বেগের কারণে দুই বছর বন্ধ থাকার পর, ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশি নাগরিকদের জন্য পর্যটন ভিসা আবার চালু করেছে ভারত।

এর আগে, ১৭ জুলাই ভারত সরকার জানায়, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধ জানানো হয়েছে, তা সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হচ্ছে।

ব্রিফিংয়ে এক সাংবাদিক রয়টার্সকে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার এবং তাঁর দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারতের সুনির্দিষ্ট মনোভাব জানতে চান। তিনি আরও জানতে চান, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা বা যোগাযোগ হয়েছে কি না।

এর জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল পূর্বের অবস্থানের পুনরুল্লেখ করে বলেন, ‘আমরা বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের একটি অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগেও বলেছিলাম, এই অনুরোধটি এখন আমাদের অভ্যন্তরীণ ও বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে পরীক্ষা করে দেখা হচ্ছে। যেকোনো দেশের ক্ষেত্রে প্রত্যর্পণের বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তা সম্পূর্ণ আইনি ও বিচারিক কাঠামোর আলোকে বিবেচনা করা হয়ে থাকে। এই অনুরোধের ক্ষেত্রেও ভারতের প্রচলিত আইন ও দ্বিপক্ষীয় চুক্তির বাধ্যবাধকতা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

তবে ভারতের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত কী হতে পারে, সে বিষয়ে মুখপাত্র কোনো মন্তব্য করতে রাজি হননি।

ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো আরেকটি প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে ভারতের বক্তব্য জানতে চান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের একজন রাজনীতিবিদকে (শরিফ ওসমান বিন হাদি) হত্যার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে রেখেছে এবং তাঁকে ফেরত চেয়ে সমস্ত নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভারতের কাছে কোনো তথ্য বা আনুষ্ঠানিক যোগাযোগ আছে কি না, তা জানতে চাওয়া হলে রণধীর জয়সওয়াল বলেন, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তিনি আবারও বলেন, অপরাধী বা অভিযুক্ত ব্যক্তি যিনিই হোন না কেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ ভারতের বিচারপ্রক্রিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ীই নিষ্পত্তি করা হয়।

বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনেওয়ালার আকস্মিক পদত্যাগ

গঙ্গা চুক্তি নিয়ে অবিলম্বে ঢাকার সঙ্গে আলোচনা করতে ভারতের সংসদীয় কমিটির তাগিদ

‘শ্বশুরবাড়ির লোকেরা কখনো বদলাবে না’, আত্মহত্যার আগে শিক্ষিকার ভিডিও বার্তা

আন্দোলকালে মোদির বিরুদ্ধে ‘অশালীন ভাষা’ ব্যবহারের অভিযোগে নারীর বিরুদ্ধে মামলা

মহারাষ্ট্রে চারতলা ভবন ধসে নিহত ৪, ধ্বংসস্তূপে আটকা ১১

সাবেক বাসচালকের বাড়িতে মিলল ২৮ কোটি রুপি ও ১৫ কেজি সোনা

গাজায় ‘গণহত্যা’ চলাকালে আড়াই হাজার চালানে কয়েক লাখ অস্ত্র-গোলাবারুদ ইসরায়েলে পাঠিয়েছে ভারত

মোদিকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট: দিল্লি পুলিশের মামলা, ৫০০ অ্যাকাউন্ট ব্লকের সুপারিশ

কঙ্গনাকে ককরোচদের কড়া জবাব

মুসলিম নেতার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিতে চায় যোগী সরকার