হোম > বিশ্ব > ভারত

ফিলিস্তিনপন্থী স্টিকার লাগানোই অপরাধ, দুই ব্রিটিশ পর্যটককে ভারত ছাড়ার নোটিশ

আজকের পত্রিকা ডেস্ক­

ফিলিস্তিনের পক্ষে স্টিকার লাগানোয় পর্যটক যুগলকে ভারত ছাড়ার নোটিশ। ছবি: সংগৃহীত

ভারতের রাজস্থান রাজ্যের আজমিরে বিভিন্ন জনবহুল স্থানে ফিলিস্তিনপন্থী স্টিকার লাগানোর অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তাঁরা পর্যটন ভিসায় এসে রাজনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে ভিসা নীতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ ভারত সরকারের।

অভিযুক্ত লুইস গ্যাব্রিয়েল ডি এবং তাঁর বান্ধবী আনুশী এমা ক্রিস্টিন ভারতের পুষ্করে অবস্থান করছিলেন। গোয়েন্দা সংস্থা সিআইডি এবং আইবি গত ২১ জানুয়ারি জানতে পারে, এই ব্রিটিশ যুগল শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলবিরোধী এবং ফিলিস্তিনপন্থী স্টিকার সাঁটছেন। সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে গোয়েন্দারা তাঁদের শনাক্ত করেন।

গোয়েন্দা বিভাগ বিষয়টি নিয়ে জেলা পুলিশকে সতর্ক করে। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) রাজেশ মিনার নেতৃত্বে একটি দল তাঁদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে প্রমাণিত হয়, তাঁরা পর্যটন ভিসায় ভারতে প্রবেশ করেছেন। কিন্তু ‘অবৈধভাবে রাজনৈতিক’ কার্যকলাপে অংশ নিয়েছেন বলে মনে করছে কর্তৃপক্ষ।

ভারতের অভিবাসন ও বিদেশি আইন অনুযায়ী, পর্যটন ভিসায় থাকা কোনো বিদেশি নাগরিক কোনো ধরনের রাজনৈতিক প্রতিবাদ বা মতাদর্শগত কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁদের ভিসা বাতিল করা হয়েছে এবং দেশ ত্যাগের নির্দেশ জারি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের অপরাধে বিদেশি নাগরিকদের আটক করে সরাসরি তাঁদের নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) প্রক্রিয়া শুরু করা হতে পারে। এ ছাড়া তাঁদের নাম কালো তালিকাভুক্ত করা হতে পারে, যার ফলে ভবিষ্যতে তাঁদের ভারতে প্রবেশ নিষিদ্ধ হবে। ইতিমধ্যে জেলা পুলিশের সহায়তায় বিতর্কিত স্টিকারগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চলতি মাসে ইসরায়েল সফরে যেতে পারেন বলে আলোচনা চলছে। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই সফর দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। পশ্চিম এশিয়ার চলমান উত্তপ্ত ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা, প্রযুক্তি এবং বাণিজ্য ক্ষেত্রে ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে এই ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আতা-সাতা বিয়ে কী, রাজস্থানের এই প্রাচীন প্রথা নিয়ে কেন আপত্তি হাইকোর্টের

গৃহনির্যাতনের অভিযোগ ‘সন্দেহাতীতভাবে প্রমাণের’ দরকার নেই: ভারতীয় হাইকোর্ট

নরওয়ের পত্রিকায় ‘সাপুড়ে’ মোদির কার্টুন প্রকাশ

মার্কিন ছাড় না থাকলেও রুশ তেল কেনা চালিয়ে যাবে ভারত

শিগগিরই পড়ে যাবে থালাপতি বিজয়ের সরকার: সাবেক মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গে এবার কোরবানির কড়া নিয়ম, বিপাকে হিন্দু গরু ব্যবসায়ীরা

ইমাম-পুরোহিতদের সরকারি ভাতা বন্ধের সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

ভারতে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভ্যানের চালকসহ সব যাত্রীর মৃত্যু

কাপড়ে বেঁধে-মই দিয়ে সন্তানদের বাঁচালেও শেষরক্ষা হলো না মায়ের

পশ্চিমবঙ্গে গাড়ি থামিয়ে গরুর ‘জন্মসনদ’ চাইলেন বিজেপি বিধায়ক