হোম > বিশ্ব > ভারত

পানি বাড়ছে, ফারাক্কার সব জলকপাট খুলে দেওয়ার দাবি বিহারের মুখ্যমন্ত্রীর

আজকের পত্রিকা ডেস্ক­

সম্রাট চৌধুরী ও শুভেন্দু অধিকারী। ছবি: সংগৃহীত

বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী গতকাল রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোনালাপে গঙ্গা (বাংলাদেশে পদ্মা) নদীর পানির উচ্চতা বাড়তে থাকা এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি ফারাক্কা ব্যারাজের সব গেট তথা জলকপাট খুলে দেওয়ার অনুরোধ জানান।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই–এর খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সম্রাট চৌধুরী বলেন, ব্যারাজের সব গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ স্বাভাবিকভাবে চলতে পারবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করবে।

তিনি বলেন, ‘গঙ্গা নদীর পানির উচ্চতা বৃদ্ধি এবং বিহারের বন্যা পরিস্থিতির কথা বিবেচনা করে আজ আমি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা বলেছি এবং ফারাক্কা ব্যারাজের সব গেট খুলে দেওয়ার অনুরোধ জানিয়েছি।’ চৌধুরী আরও জানান, বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন অধিকারী।

বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘ফারাক্কা ব্যারাজের গেট খুলে দিলে গঙ্গার পানির প্রবাহ সহজ হবে এবং বিহারের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। বিহারের নিরাপত্তা ও ত্রাণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

এ দিকে বিহারের রাজনৈতিক জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) সাংসদ সঞ্জয় ঝা ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ফারাক্কা ব্যারাজ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, চুক্তিটি নবায়নের আগে বিহারের স্বার্থ অবশ্যই বিবেচনায় রাখতে হবে। সঞ্জয় ঝা বলেন, ‘১৯৯৬ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তখন বিহারের মুখ্যমন্ত্রী কে ছিলেন? সেই সময়ই বিহারের স্বার্থ বিক্রি করে দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, আগামী ডিসেম্বরে ওই চুক্তির ৩০ বছর পূর্ণ হবে। তাই বিহারের স্বার্থ বিবেচনা না করে চুক্তিটি নবায়ন না করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ঝা বলেন, ‘এই চুক্তির ৩০ বছর আগামী ডিসেম্বরে পূর্ণ হচ্ছে। আমরা সরকারকে অনুরোধ করেছি, এটি যেন নবায়ন করা না হয়। বিহারের স্বার্থ বিবেচনায় নেওয়ার পরই এ বিষয়ে আলোচনা করা উচিত।’

ভারত ও বাংলাদেশের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি বণ্টন ১৯৯৬ সালের গঙ্গা পানি চুক্তির মাধ্যমে পরিচালিত হয়। তবে তিস্তা নদীর পানি বণ্টনের বিষয়টি এখনো অমীমাংসিত। এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক দফা দ্বিপক্ষীয় আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

এর আগে, ২০১১ সালে তিস্তার পানি বণ্টন নিয়ে একটি চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই প্রস্তাবে তিস্তার পানির ৪২ দশমিক ৫ শতাংশ ভারতের এবং ৩৭ দশমিক ৫ শতাংশ বাংলাদেশের পাওয়ার কথা বলা হয়েছিল। বাকি অংশ অন্যান্য বিবেচনার ভিত্তিতে ভাগ করার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কারণে ওই প্রস্তাব বাস্তবায়িত হয়নি।