হোম > বিশ্ব > ভারত

সেলফি তোলার কথা বলে শিশুকন্যাকে সেতু থেকে নদীতে ফেললেন বাবা

আজকের পত্রিকা ডেস্ক­

এক বছরের মেয়েকে সেতু থেকে যমুনা নদীতে ফেলে দিয়েছেন এক বাবা। ছবি: এনডিটিভি

ভারতের আগ্রায় এক বাবা তাঁর এক বছরের মেয়েকে সেতু থেকে যমুনা নদীতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তিনি স্ত্রীকেও নদীতে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। শিশুটির সন্ধানে এখন নদীতে তল্লাশি চালাচ্ছেন ডুবুরিরা।

ঘটনাটি ঘটে আগ্রার সিকান্দারা থানার আওতাধীন আকবরা যমুনা সেতুতে। অভিযুক্ত ব্যক্তি রিঙ্কু ও তাঁর স্ত্রী লক্ষ্মী তাঁদের এক বছরের শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে করে আগ্রা শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

এ সময় মেয়েকে নিয়ে সেলফি তুলতে চান বলে ব্রিজের ওপর মোটরসাইকেল থামান ওই ব্যক্তি। তারপর এ ঘটনা ঘটে।

স্ত্রী লক্ষ্মী জানান, রিঙ্কু সেতুর ওপর মোটরসাইকেল থামিয়ে মেয়েকে নিয়ে সেলফি তুলতে চান। এরপর তিনি সেতুর রেলিংয়ের কাছে গিয়ে শিশুটিকে কোলে নিয়ে একটি ছবি তোলেন। পরে শিশুটিকে নদীতে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।

লক্ষ্মী অভিযোগ করেন, মেয়েকে বাঁচাতে তিনি ছুটে গেলে রিঙ্কু তাঁকেও সেতু থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন। লক্ষ্মীর চিৎকারে পথচারীরা সেখানে জড়ো হন। তাঁর স্বামী কী করেছেন জানালে লোকজন রিঙ্কুকে ধরে মারধর করেন এবং পরে পুলিশের হাতে তুলে দেন। ওই মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

লক্ষ্মীর অভিযোগের ভিত্তিতে শিশুটিকে উদ্ধারে যমুনা নদীতে তল্লাশি অভিযান শুরু করেছেন প্রাদেশিক সশস্ত্র কনস্ট্যাবুলারি (পিএসি) বাহিনীর ডুবুরিরা। প্রতিবেদন লেখা পর্যন্ত শিশুটির সন্ধান পাওয়া যায়নি।

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় সিকান্দারা থানায় মামলা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।