হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার তেল শোধনাগারে ফের ইউক্রেনের ড্রোন হামলা

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের হামলার পর মস্কোর দক্ষিণ-পূর্ব উপকণ্ঠে অবস্থিত রুশ তেল উৎপাদনকারী সংস্থা গ্যাজপ্রম নেফটের ‘মস্কো তেল শোধনাগার’ থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। ছবি: এএফপি

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। একই সময়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার জানিয়েছে, রাতভর দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের মোট ৫৫৫টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে প্রায় ২০০টি ড্রোন মস্কোর দিকে অগ্রসর হচ্ছিল।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী এখনো বড় আকারের হামলা প্রতিহত করার কাজ চালিয়ে যাচ্ছে। তবে কয়েকটি ড্রোন মস্কোর একটি তেল শোধনাগারে পৌঁছে আঘাত হানে। তিনি আরও জানান, হামলায় একটি শপিং সেন্টারও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, এটি চলতি সপ্তাহে ওই শোধনাগারে দ্বিতীয় হামলা। এর আগে মঙ্গলবারের ড্রোন হামলার পর শোধনাগারটির কার্যক্রম বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতির কারণে দেশটির জ্বালানি সংকটও তীব্র হয়ে উঠছে বলে জানা গেছে।

কাজান থেকে আল জাজিরার প্রতিবেদক ইউলিয়া শাপোভালোভা জানান, শোধনাগারটি রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ। মস্কোর কোটি মানুষের জ্বালানি চাহিদা পূরণে শোধনাগারটি বড় ভূমিকা রাখে এবং রাজধানীর প্রয়োজনীয় প্রায় ৪০ শতাংশ পেট্রল ও অন্যান্য তেলজাত পণ্য সরবরাহ করে।

তিনি বলেন, ‘স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জরুরি সেবা সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও শোধনাগারটিতে তখনো ব্যাপকভাবে আগুন জ্বলছিল।’

স্থানীয় গভর্নর জানিয়েছেন, ড্রোন হামলায় আশপাশের এলাকায় একটি বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং কয়েকটি ব্যক্তিগত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া মস্কোর সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর শেরেমেতিয়েভো সাময়িকভাবে ফ্লাইট চলাচল স্থগিত করে এবং যাত্রীদের সরিয়ে নেয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তার জন্য অনেক মানুষ গাড়ি পার্কিং এলাকায় আশ্রয় নিয়েছিলেন।

অন্যদিকে, চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো রাশিয়ার বিমান হামলার মুখে পড়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো টেলিগ্রামে লিখেছেন, শত্রুপক্ষ রাজধানীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। বিমান হামলার সতর্কতা শেষ না হওয়া পর্যন্ত সবাইকে নিরাপদ স্থানে থাকতে হবে।

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ড্রোন হামলায় অন্তত একজন নিহত হয়েছেন।

কিয়েভ থেকে আল জাজিরার প্রতিবেদক অড্রি ম্যাকঅ্যালপাইন জানান, রাতভর ইউক্রেনের দিকে অন্তত ২৩৯টি ড্রোন এবং সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। তিনি বলেন, ‘ইউক্রেনের দাবি অনুযায়ী, তাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।’

এর আগে চলতি সপ্তাহেই কিয়েভে রাশিয়ার বড় একটি হামলায় ১১ জন নিহত হন। হামলায় ইউনেসকোর তালিকাভুক্ত প্রায় এক হাজার বছরের পুরোনো একটি ধর্মীয় প্রতিষ্ঠানও ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ইউরোপীয় নেতারা নিন্দা জানালেও রাশিয়া ওই স্থানে হামলার অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে এমন পরিস্থিতিতে যুদ্ধের অবসান ঘটাতে রাশিয়াকে আলোচনায় আনতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর চেষ্টা করছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জানান, এ বিষয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং জি-৭ ভুক্ত অন্যান্য দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন।

জি-৭ নেতারা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। একই সঙ্গে রাশিয়ার যুদ্ধ অর্থনীতির ওপর চাপ বাড়াতে দেশটির তেল ও গ্যাস খাতের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞার কথাও বলেছেন।

আমরাই সবচেয়ে বিখ্যাত জুটি: মোদিকে মেলোনি

ইংলিশ চ্যানেলে ব্রিটিশ ইয়টকে লক্ষ্য করে রুশ যুদ্ধজাহাজের ‘গুলি’

ফ্রান্সে ট্রাম্প-মোদির সাক্ষাৎ, চিরচেনা আলিঙ্গন অনুপস্থিত

অপমানজনক মন্তব্য করে মিত্রদের খেপিয়েছেন ট্রাম্প, জবাব পেতে পারেন জি-৭ সম্মেলনে

২০০০ কর্মী ছাঁটাই করবে বিবিসি, বছরে ব্যয় কমাবে প্রায় ৬৮ কোটি ডলার

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইউরোপের ৪ দেশ

যুক্তরাজ্যে সুদানের অভিবাসীর ছুরিকাঘাত থেকে বিক্ষোভ-সহিংসতা

পুতিনকে চিঠি দিয়ে জেলেনস্কির মুখোমুখি বসার প্রস্তাবকে কীভাবে নিল যুক্তরাষ্ট্র ও রাশিয়া

প্রতিদিনই অগ্রসর হচ্ছে রুশ বাহিনী, ইউক্রেনকে আপসের আহ্বান পুতিনের

পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির, মুখোমুখি বৈঠকের প্রস্তাবসহ আর কী আছে এতে