ইউক্রেন রাশিয়ার বিভিন্ন অংশে রাতভর হামলা চালিয়েছে। এসব হামলায় প্রায় সাড়ে ৫০০ ড্রোন ব্যবহার করা হয়েছে। এসব হামলায় রাশিয়ায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। স্থানীয় ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার এ তথ্য প্রকাশ করা হয়।
তাসের ভাষ্য অনুযায়ী, মস্কোর মেয়রের প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই হামলাকে ‘এক বছরেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলা’ বলা হচ্ছে। এর কয়েক দিন আগেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছিল রাশিয়া। ইউক্রেনীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ওই হামলায় অন্তত ২৫ জন নিহত এবং আরও বহু মানুষ আহত হন।
স্থানীয় সময় আজ রোববার ভোররাতে মস্কোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর খিমকিতে একটি আবাসিক ভবনে ইউক্রেনীয় ড্রোন আঘাত হানলে এক নারী নিহত হন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, ধ্বংসস্তূপের নিচে আরও একজন আটকা পড়েছিলেন।
মস্কোর উত্তর-পূর্বাঞ্চলীয় মিতিশচিতে নির্মাণাধীন একটি বাড়িতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুই ব্যক্তি নিহত হন। সোবিয়ানিন বলেন, মস্কোতে মোট ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একটি তেল শোধনাগারের নির্মাণশ্রমিকরাও রয়েছেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ৫৫৬টি ড্রোন প্রতিহত করা হয়েছে। অন্যদিকে সোবিয়ানিন দাবি করেন, মস্কো ও আশপাশের এলাকায় ঢুকে পড়ার আগেই ১২০ টির বেশি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। পড়ে থাকা ধ্বংসাবশেষে সুব্বোতিনো গ্রামের একটি বাড়িতে আগুন ধরে যায়। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর ইস্ত্রার কয়েকটি আবাসিক ভবন ড্রোনে ক্ষতিগ্রস্ত হলে চারজন আহত হন বলে জানিয়েছে তাস।
রাশিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর শেরেমেতিয়েভোর ভেতরেও ড্রোনের কিছু ধ্বংসাবশেষ পড়ে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি আগুনে জ্বলতে থাকা বাড়ি এবং ক্ষতিগ্রস্ত কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের ছবি প্রকাশ করেছে। তবে সেগুলোর অবস্থান নির্দিষ্ট করে বলা হয়নি।
এদিকে, ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়া রাতভর ২৮৭টি ড্রোন হামলা চালিয়েছে। এতে দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চল ও জাপোরিঝঝিয়া জেলায় অন্তত নয়জন আহত হয়েছেন। ইউক্রেনের দাবি, সাতটি স্থানে অভিযান চালিয়ে তারা আটটি ছাড়া বাকি সব ড্রোন ভূপাতিত করেছে।
মাত্র এক সপ্তাহের একটু বেশি সময় আগে রাশিয়া তাদের ঐতিহ্যগত জাঁকজমকপূর্ণ বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজের ছোট পরিসরের আয়োজন করেছিল। কারণ, রুশ ভূখণ্ডের গভীরে বিশেষ করে তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের হামলা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল।
রোববার সকালে হামলা চলাকালে ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার তাঁর ভেরিফায়েড টেলিগ্রাম অ্যাকাউন্টে একটি বার্তা পোস্ট করেন। সেটি ছিল মস্কোর অভিজাত আবাসিক এলাকা ‘প্যাট্রিয়ার্শি’র বাসিন্দাদের উদ্দেশে। বার্তায় তিনি লেখেন, ‘প্যাট্রিয়ার্শি ও আশপাশের এলাকার শান্ত জীবনের একমুখী টিকিট বাতিল করা হয়েছে।’