মালয়েশিয়া ও শ্রীলঙ্কার আশপাশের গভীর সমুদ্রে ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে মার্কিন বাহিনী। স্থানীয় সময় গতকাল বুধবার নৌপরিবহন ও নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী এশীয় জলসীমায় অন্তত তিনটি ইরানি পতাকাবাহী ট্যাংকার আটকে দিয়েছে এবং ভারত, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার কাছাকাছি অবস্থান থেকে সেগুলোকে অন্যত্র সরিয়ে নিচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সমুদ্রপথে ইরানের বাণিজ্যের ওপর অবরোধ আরোপ করেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিতে সেগুলোর ওপর গুলি চালিয়েছে। উল্লেখ্য, হরমুজ প্রণালি মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের প্রবেশপথে অবস্থিত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রায় দুই মাস পর, একটি অস্বস্তিকর যুদ্ধবিরতি চললেও শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়ার তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হরমুজ বন্ধ থাকায় বিশ্বের এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। যার ফলে বৈশ্বিক জ্বালানি সংকটের সৃষ্টি করেছে। সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন বাহিনী একটি ইরানি কার্গো জাহাজ এবং একটি তেল ট্যাংকার জব্দ করেছে। বুধবার ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালি দিয়ে উপসাগর থেকে বেরিয়ে যেতে চাওয়া দুটি কন্টেইনার জাহাজকে লক্ষ্য করে গুলি চালানোর পর সেগুলো জব্দ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ইরানের পক্ষ থেকে প্রথম জাহাজ জব্দের ঘটনা।
রয়টার্সকে বুধবার দুই মার্কিন ও ভারতীয় নৌপরিবহন সূত্র এবং দুটি পৃথক পশ্চিমা সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সাম্প্রতিক দিনগুলোতে আরও অন্তত তিনটি ইরানি পতাকাবাহী তেল ট্যাংকারের পথ পরিবর্তন করে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
সূত্র এবং মেরিন ট্রাফিক প্ল্যাটফর্মের জাহাজ ট্র্যাকিং ডেটা অনুযায়ী, আটকে পড়া জাহাজগুলোর মধ্যে একটি হলো ইরানি পতাকাবাহী সুপারট্যাংকার ডিপ সি। এটি আংশিক অপরিশোধিত তেল বোঝাই ছিল এবং এক সপ্তাহ আগে মালয়েশিয়া উপকূলে এর পাবলিক ট্র্যাকিং ট্রান্সপন্ডারে শেষবার দেখা গিয়েছিল।
এছাড়া ছোট আকারের ইরানি পতাকাবাহী জাহাজ সেভিনকেও আটকে দেওয়া হয়েছে, যার সর্বোচ্চ ধারণক্ষমতা ১০ লাখ ব্যারেল এবং এটি এর ক্ষমতার ৬৫ শতাংশ পণ্য বহন করছিল। জাহাজ ট্র্যাকিং ডেটা অনুসারে, এক মাস আগে মালয়েশিয়া উপকূলে একে শেষবার দেখা গিয়েছিল।
সূত্র এবং মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী, ২ মিলিয়ন (২০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল বোঝাই ইরানি পতাকাবাহী সুপারট্ট্যাংকার ডোরেনাকেও আটকে দেওয়া হয়েছে। তিন দিন আগে দক্ষিণ ভারতের উপকূলে একে শেষবার দেখা গিয়েছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, অবরোধ লঙ্ঘন করার চেষ্টার পর ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ারের পাহারায় রয়েছে ডোরেনা।
নৌপরিবহন সূত্রগুলো জানিয়েছে, মার্কিন বাহিনী সম্ভবত ইরানি পতাকাবাহী দেরিয়া ট্যাংকারটিও আটকে দিয়েছে। গত রোববার ইরানি অপরিশোধিত তেল ক্রয়ের ওপর মার্কিন ছাড়ের মেয়াদ শেষ হওয়ার আগে জাহাজটি ভারতে পণ্য খালাস করতে ব্যর্থ হয়েছিল। মেরিন ট্রাফিক ডেটা অনুযায়ী, গত শুক্রবার ভারতের পশ্চিম উপকূলে একে শেষবার দেখা গিয়েছিল।