চীনের তিব্বত অঞ্চলের গ্যিরং সীমান্ত দিয়ে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিলেন একদল পর্যটক। তবে শেষ মুহূর্তের সিদ্ধান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবল থেকে তাঁরা রক্ষা পেয়েছেন। দলের চীনা ট্যুর গাইড মু ঘটনাটিকে ‘অসীম সৌভাগ্যের ও গভীর আশঙ্কায় ভরা একটি দিন’ হিসেবে বর্ণনা করেছেন।
ঝেজিয়াংভিত্তিক সংবাদমাধ্যম টাইড নিউজকে মু জানান, গত মঙ্গলবার (২৫ আগস্ট) রাতজুড়ে ভারী বৃষ্টি হচ্ছিল। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। কারণ, মু ভেবেছিলেন অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে হয়তো তাঁর দলের পর্যটকেরা বরফঢাকা পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন না।
মু জানান, এই কারণেই পরিকল্পনা পরিবর্তন করে গতকাল বুধবার সকালে দলটিকে অন্য একটি এলাকার ভিউ পয়েন্টে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সকালে সেখানে ট্রেকিংয়ের সময় হঠাৎ তাঁরা একটি প্রচণ্ড গর্জনের শব্দ শুনতে পান। মু বলেন, তখন কেউ কল্পনাও করতে পারেনি যে, এটি ভূমিধসের শব্দ ছিল।
দুপুরের দিকে দলটি নিচে নেমে গ্যিরং সীমান্ত দিয়ে নেপালে প্রবেশের অনুমতির জন্য আবেদন করে। সাধারণত এই প্রক্রিয়ায় প্রায় এক ঘণ্টা সময় লাগে, কিন্তু গতকাল তাঁদের অনুমতিপত্র আর আসেনি।
মু বলেন, ‘এরপরই আমরা খবরের সঙ্গে মিলিয়ে বুঝতে পারি, আসলে কী ঘটেছিল।’
পরিকল্পনা পরিবর্তন করে অন্য পথে যাওয়ার সিদ্ধান্ত ও পরে সীমান্ত পারাপারের অনুমতি পেতে অপ্রত্যাশিত বিলম্ব—এই দুই ঘটনাই শেষ পর্যন্ত দলটিকে সম্ভাব্য ভয়াবহ বিপর্যয়ের মুখ থেকে রক্ষা করেছে।
ঘটনার পর মু বলেন, দিনটি ছিল একদিকে অবিশ্বাস্য সৌভাগ্যের, অন্যদিকে এমন এক অভিজ্ঞতা, যা তাঁদের মনে গভীর আতঙ্ক ও অশুভ আশঙ্কার ছাপ রেখে গেছে।