হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উদ্ধার অভিযানে চীনের বিশেষজ্ঞ দল

আজকের পত্রিকা ডেস্ক­

নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে পাঠানো হয়।

সিএমজির খবরে জানা যায়, দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছেই উদ্ধার অভিযানে অংশ নেন চীনা বিশেষজ্ঞরা। অভিযানে টানেল বিশেষজ্ঞদের যুক্ত হওয়ায় জলবিদ্যুৎকেন্দ্রের টানেলে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে বাড়তি সুবিধা পাওয়ার আশা করা হচ্ছে।

এদিকে, নেপালের সীমান্ত এলাকায় হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ দুর্যোগে হতাহত ও নিখোঁজের ঘটনায় নেপালকে জরুরি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে চীন। গতকাল শনিবার নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে এ কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

ওয়াং ই বলেন, চীনের জরুরি নগদ সহায়তা ও সহায়তা প্যাকেজ বাস্তবায়ন করা হচ্ছে। কিছু ত্রাণসামগ্রী এরই মধ্যে কাঠমান্ডুতে পৌঁছেছে। দুর্যোগের পর চীনা বিশেষজ্ঞের দুটি দল গেছে বলেও জানান তিনি।

ওয়াং ই আরও জানান, উদ্ধারকাজে নেপালকে সহায়তার পাশাপাশি দুর্যোগকবলিত এলাকার স্যাটেলাইট ছবি, জলবিদ্যুৎ ও পানিপ্রবাহসংক্রান্ত তথ্য এবং উজানের বাঁধের হ্রদ নিয়ে আগাম সতর্কতামূলক তথ্য নেপালকে সরবরাহ করেছে চীন।

ওয়াং ই বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উদ্ধার ও জরুরি তৎপরতায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। নেপালে আটকে থাকা চীনা নাগরিকদের দেশে ফেরাতে সহায়তার আশ্বাসও দেওয়া হয়েছে।