হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প নিজের সঙ্গেই আলোচনা করছেন, আমাদের সঙ্গে নয়: ইরান

আজকের পত্রিকা ডেস্ক­

ইব্রাহিম জুলফাগারি। ছবি: সংগৃহীত

ইরান জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো ধরনের আলোচনা হচ্ছে না। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র নিজেই নিজেদের সঙ্গে আলোচনায় রয়েছে। ইরানের এই প্রতিক্রিয়া এমন সময়ে এল, যার এক দিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে চায়।

আজ বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি জানিয়েছে। ইরানি সংবাদমাধ্যমের ভাষ্য অনুসারে ইরানি সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতামুল আম্বিয়ার মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে তিরস্কার করে বলেন, ‘আপনাদের অন্তর্দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলাপ-আলোচনা করছেন?’

জুলফাগারি আরও বলেন, ‘আমাদের মতো মানুষ কখনো আপনার মতো মানুষের সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। যতক্ষণ ওয়াশিংটন স্বীকার করবে না যে—আঞ্চলিক স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীই নিশ্চিত করবে, ততক্ষণ যুক্তরাষ্ট্রের বিনিয়োগ এবং যুদ্ধ-পূর্বের জ্বালানি মূল্য কখনো ফিরবে না।’

এদিকে ফেব্রুয়ারির শেষ দিক থেকে চলা যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে রাজি হতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২-এর প্রতিবেদনের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের কাছে ১৫ দফা শর্ত পাঠিয়েছে।

চ্যানেল-১২-এর খবরে বলা হয়েছে, সংঘাত শেষ করার জন্য ইরান কঠোর কিছু আনুষ্ঠানিক দাবি জানিয়েছে। এসব দাবি এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে। প্রতিবেদন অনুযায়ী, ইরানি কর্মকর্তারা এমন দৃঢ় নিশ্চয়তা চান, যাতে যুদ্ধ আবার শুরু না হয়। তাঁরা হরমুজ প্রণালির জন্য নতুন একটি ব্যবস্থা চান, যা কার্যত প্রণালিটি ইরানের নিয়ন্ত্রণে দেবে।

ইরান অঞ্চলজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবিও জানিয়েছে। পাশাপাশি যুদ্ধে যে ক্ষতি হয়েছে, তার জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।

এর আগে গত সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন কিছু সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং ‘এবার তারা সিরিয়াস।’ টেনেসিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ‘এটি সম্ভব হয়েছে আমাদের সামরিক বাহিনীর অসাধারণ পারফরম্যান্সের কারণে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি একটি চুক্তি হবে। কিন্তু যা-ই ঘটুক, আমরা নিশ্চিত করব যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে।’

শেষে তিনি বলেন, ‘আমেরিকা ও আমাদের মিত্রদের প্রতি হুমকি বন্ধ করার জন্য ইরানের সামনে এখন আরেকটি সুযোগ আছে, এবং আমরা আশা করি তারা এটি নেবে। যা-ই হোক না কেন, আমেরিকা ও পুরো বিশ্ব আরও নিরাপদ হবে এবং আমাদের গ্রহ আরও স্থিতিশীল হবে।’

ইহুদি নিধনের সহযোগী ফক্সওয়াগন এবার ইসরায়েলের জন্য অস্ত্র বানাবে

আকাশপথে ইউক্রেনে বড় হামলা রাশিয়ার, ছুড়ল ৯৪৮টি ড্রোন

সংলাপের পটভূমি তৈরিতে কাজ করছে পাকিস্তানসহ কিছু বন্ধুরাষ্ট্র, জানালেন ইরানি রাষ্ট্রদূত

‘পেছন থেকে ছুরি মারা’ উইটকফ–কুশনারের সঙ্গে বসতে চায় না ইরান, বিকল্প কে

আলী লারিজানির স্থলে বাঘের জোলঘাদরের নিয়োগ কেন গুরুত্বপূর্ণ, সামনে যেসব চ্যালেঞ্জ

লেবাননের সার্বভৌমত্বে হাত দেওয়া যাবে না—ইসরায়েলকে কানাডা

যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে ট্রাম্প ও ইরানের বিপরীত অবস্থান, কে সত্য বলছে

যুদ্ধ বন্ধে ট্রাম্পের ১৫ দফার বিপরীতে ইরানের ৫ কঠিন শর্ত

ইরানের সঙ্গে আলোচনার ডামাডোলের মধ্যেই মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠাচ্ছেন ট্রাম্প

ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর একাধিক হামলায় নিহত ১, আহত বহু