হোম > বিশ্ব > আফ্রিকা

৬১ বছর পর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী লুমুম্বা হত্যাকাণ্ডের বিচার শুরু

আজকের পত্রিকা ডেস্ক­

প্যাট্রিস লুমুম্বা ছিলেন কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী। হত্যার পর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল। ছবি: এএফপি

১৯৬১ সালে কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিস লুমুম্বাকে হত্যার ঘটনায় এক সাবেক কূটনীতিকের বিচারের অনুমতি দিয়েছেন বেলজিয়ামের একটি আদালত। ব্রাসেলসের এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে লুমুম্বা হত্যাকাণ্ডে বেলজিয়ামের সরাসরি জড়িত থাকার বিষয়টি দীর্ঘ ছয় দশক পর কাঠগড়ায় দাঁড়াচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, অভিযুক্ত এতিয়েন দাভিগননের বয়স বর্তমানে ৯৩ বছর। ১৯৬১ সালে লুমুম্বাকে বেআইনিভাবে আটকে রাখা ও তাঁর প্রতি অবমাননাকর আচরণের সঙ্গে দাভিগননের জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার সময় তিনি একজন শিক্ষানবিশ কূটনীতিক ছিলেন এবং পরবর্তী সময়ে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালে লুমুম্বার পরিবার যে ১০ জন বেলজীয় নাগরিকের বিরুদ্ধে মামলা করেছিল, তাঁদের মধ্যে দাভিগননই একমাত্র জীবিত ব্যক্তি।

১৯৬০ সালের জুনে বেলজিয়ামের কাছ থেকে কঙ্গোর স্বাধীনতার পর লুমুম্বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন। তিনি ছিলেন আফ্রিকার ঔপনিবেশিকতাবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কণ্ঠস্বর। স্বাধীনতা দিবসে বেলজিয়ামের রাজা বোদওয়াইনসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সামনে দেওয়া এক ঐতিহাসিক ভাষণে লুমুম্বা কঙ্গোবাসীর ‘অমানবিক দাসত্বের’ কথা তুলে ধরে বেলজিয়ামের তীব্র সমালোচনা করেছিলেন।

১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন লুমুম্বার নাতি মেহদি লুমুম্বা। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ‘আমরা সবাই স্বস্তি বোধ করছি। বেলজিয়াম অবশেষে তার ইতিহাসের মুখোমুখি হচ্ছে।’

উল্লেখ্য, বেলজিয়াম ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের জন্য নিজেদের দায় স্বীকার করেছে এবং লুমুম্বার পরিবার ও বর্তমান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের কাছে ক্ষমা চেয়েছে।

লুমুম্বা নিজেকে সাম্যবাদী বা কমিউনিস্ট দাবি না করলেও স্নায়ুযুদ্ধের সময় পশ্চিমা শক্তিগুলো তাঁকে সন্দেহের চোখে দেখত। তাদের ভয় ছিল, লুমুম্বা সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ হতে পারেন। ১৯৭৫ সালে মার্কিন সিনেটের এক তদন্তে দেখা গেছে, সিআইএ লুমুম্বাকে হত্যার পরিকল্পনা করেছিল। তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই বেলজিয়াম-সমর্থিত কঙ্গো বাহিনীর হাতে তিনি নিহত হন।

স্কুলে মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করছে পোল্যান্ড

লারিজানি হত্যার চড়া মূল্য দিতে হবে: মোজতবা খামেনি

যুদ্ধ ঘোষণার ক্ষমতা কার, ট্রাম্প নাকি কংগ্রেসের

রাশিয়ায় বসেই পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ আখ্যা ক্রেমলিনপন্থী আইনজীবীর

চলমান সংঘাতে যেসব শীর্ষ নেতাকে হারাল ইরান

এবার গোয়েন্দামন্ত্রী নিহতের খবর নিশ্চিত করল ইরান

ইরানে এক ডজনের বেশি ব্যয়বহুল রিপার ড্রোন হারাল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধের তৃতীয় সপ্তাহেও লোহিতসাগরে হুতিদের রহস্যময় নীরবতা

যুক্তরাষ্ট্রকে নিরাপত্তার চাদরে ঢাকবেন ট্রাম্প, প্রতিরক্ষা ব্যয় বেড়ে ১৮৫ বিলিয়ন ডলার

ইরানে মাটির নিচে নতুন পারমাণবিক কেন্দ্রের সন্ধান দিল আইএইএ