হোম > স্বাস্থ্য > স্বাস্থ্য টিপস

সালাদ হতে পারে ফুড পয়জনিংয়ের কারণ

ফিচার ডেস্ক

স্বাস্থ্যকর খাবারের তালিকায় সালাদ ও কাঁচা শাকসবজিকে কমবেশি সবাই একটু বেশি প্রাধান্য দেয়। তবে অসাবধানতার কারণে এটি হতে পারে খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের অন্যতম কারণ। সাইক্লোস্পোরা পরজীবীর প্রাদুর্ভাব ছাড়াও ই-কোলাই, সালমোনেলা, লিসটেরিয়া এবং হেপাটাইটিস এ ভাইরাসের সংক্রমণের পেছনে সালাদের কাঁচা উপাদানের যোগসূত্র পাওয়া গেছে।

ঝুঁকিপূর্ণ উপাদান ও কারণ

অনিরাপদ সেচের পানি, দূষিত মাটি এবং অস্বাস্থ্যকর প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে শাকসবজিতে জীবাণু ছড়ায়। কাঁচা খাওয়া হয় বলে লেটুস বা অন্যান্য পাতাজাতীয় শাকে ঝুঁকি বেশি। সাইক্লোস্পোরা আক্রান্ত খাবার খেলে পাতলা পায়খানা, পেট কামড়ানো, বমি ভাব, ক্ষুধা ও ওজন কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দেয়।

আলফা আলফা বা মুগ ডালের মতো অঙ্কুরিত বীজ গজানোর জন্য যে উষ্ণ ও আর্দ্র পরিবেশের প্রয়োজন হয়, তা ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্যও আদর্শ। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন গর্ভবতীদের যেকোনো কাঁচা স্প্রাউটস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেয়।

তরমুজ, ফুটি বা মেলনজাতীয় ফলের খোসায় লিসটেরিয়া ব্যাকটেরিয়া জমা হয়, যা কাটার সময় ভেতরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া অপরিষ্কার পানি ও অস্বাস্থ্যকর উপায়ে ফল তোলার কারণে স্ট্রবেরি বা ব্ল্যাকবেরির মতো বেরিজাতীয় ফলে হেপাটাইটিস এ ভাইরাসের ঝুঁকি থাকে।

নিরাপদে সালাদ খাওয়ার উপায়

  • যেকোনো ফল বা শাকসবজি কাটার আগে ও পরে হাত, ছুরি এবং কাটিং বোর্ড কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন।
  • লেটুস বা বাঁধাকপির বাইরের দিকের অংশ বা পাতাগুলো ফেলে দিয়ে ভেতরের অংশ ব্যবহার করুন।
  • খাবার রান্না বা ফুটিয়ে ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করলে সাইক্লোস্পোরাসহ বেশির ভাগ জীবাণু ধ্বংস হয়।
  • কেনা প্যাকেটজাত সালাদে প্রি-ওয়াশড লেখা থাকলেও তা ব্যবহারের আগে আবার ধুয়ে নিন। নষ্ট, কালচে বা নরম হয়ে যাওয়া উপাদান এড়িয়ে চলুন।
  • কাঁচা শাকসবজির বিকল্প হিসেবে সেদ্ধ ছোলা, ডাল, কুইনোয়া বা সেদ্ধ মটরশুঁটি দিয়ে সালাদ তৈরি করতে পারেন, যা সম্পূর্ণ নিরাপদ।

সূত্র: হেলথ লাইন