হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে মৃতদের ২৫% ডায়াবেটিস রোগী

মুহাম্মাদ শফিউল্লাহ, ঢাকা

প্রতীকী ছবি

সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে চারজনের একজন ডায়াবেটিসে আক্রান্ত ছিল। একই সঙ্গে উল্লেখযোগ্যসংখ্যক মৃতের উচ্চ রক্তচাপ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগও ছিল। চিকিৎসকদের ভাষায় একে বলে ‘কো-মরবিডিটি’, অর্থাৎ রোগীর পুরোনো অন্য অসুস্থতা থাকা। দেশের ডেঙ্গু পরিস্থিতি এবং রোগীদের মৃত্যু পর্যালোচনায় এই চিত্র উঠে এসেছে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে রোগীদের মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে ওপরের চিত্র পেয়েছে। এতে ডেঙ্গু রোগীর চিকিৎসায় আগে থাকা শারীরিক সমস্যাগুলোও বিবেচনায় নেওয়ার গুরুত্ব উঠে এসেছে।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সংখ্যা ৫২০ ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছর এ পর্যন্ত মোট ১ লাখ ৭৬ হাজার ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে প্রায় ৫ হাজার রোগী।

আইইডিসিআর কয়েকটি সরকারি মেডিকেল কলেজ এবং নামী বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া ১১৯ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর তথ্য সম্প্রতি বিশ্লেষণ করেছে। তাতে দেখা যায়, ১০২ জনের মধ্যে ২৫ জনের (২৪ দশমিক ৫ শতাংশ) ডায়াবেটিস ছিল। ১০৭ জনের মধ্যে ২০ জনের (১৯ শতাংশ) উচ্চ রক্তচাপ এবং ১০১ জনের মধ্যে ৮ জনের (৮ শতাংশ) দীর্ঘস্থায়ী কিডনি রোগ ছিল। ৯৩ জনের মধ্যে ৪ জন (৪ দশমিক ৩ শতাংশ) গর্ভবতী এবং ৮৭ জনের মধ্যে ৫ জন (৬ শতাংশ) স্থূলতায় আক্রান্ত ছিল।

স্বাস্থ্যবিদেরা বলেন, ডায়াবেটিসে রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি লিভার, কিডনি ও হৃৎপিণ্ডের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ডেঙ্গু হলে জটিলতার আশঙ্কা বেশি থাকে।

স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. বে-নজির আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে কিডনি, লিভার ও হৃৎপিণ্ড আগে থেকেই ক্ষতিগ্রস্ত থাকতে পারে। ডেঙ্গু হলে এসব অঙ্গের কার্যকারিতা আরও খারাপ হওয়ার আশঙ্কা থাকে। তাই ঝুঁকি নির্ভর করে ডায়াবেটিস কতটা নিয়ন্ত্রণে এবং অঙ্গগুলো আগে থেকে কতটা ক্ষতিগ্রস্ত, তার ওপর।’

বে-নজির বলেন, ‘ডায়াবেটিসে আক্রান্ত কারও ডেঙ্গু সন্দেহ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তের শর্করা, প্লেটলেট, হেমাটোক্রিট বা পিসিভিসহ প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করতে হবে। ঝুঁকির লক্ষণ দেখা গেলে হাসপাতালে ভর্তি হতে হবে।’

আইইডিসিআরের পর্যালোচনায় আরও দেখা গেছে, রোগের লক্ষণ প্রকাশের পর চিকিৎসা নিতে দেরি করেছে অধিকাংশ রোগী। ৮৩ জনের মধ্যে ৬৮ শতাংশ জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দেওয়ার তিন দিনের বেশি সময় পর চিকিৎসা নিয়েছে। হাসপাতালে ভর্তির পরও অনেক রোগীর অবস্থা ছিল সংকটাপন্ন। হাসপাতালে অবস্থানের মধ্যম সময় ছিল দুই দিন। ১১৩ জনের মধ্যে ৪৩ জন হাসপাতালে ভর্তির দিন অথবা পরদিন মারা যায়। অর্থাৎ, পর্যালোচিত মৃত্যুর বড় অংশ ঘটেছে ভর্তির প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে।

ডায়াবেটিসের সঙ্গে ডেঙ্গুর জটিলতা ও মৃত্যুর সম্পর্ক নিয়ে সাম্প্রতিক একটি আন্তর্জাতিক গবেষণায়ও উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। নেদারল্যান্ডসভিত্তিক একাডেমিক প্রকাশনা ও তথ্যবিশ্লেষণী সংস্থা এলসেভিয়ারের নিউ মাইক্রোবস অ্যান্ড নিউ ইনফেকশনস সাময়িকীর ৭২তম সংখ্যায় চলতি বছরের মাঝামাঝি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। এতে ১৯৮৭ থেকে ২০২৫ সালের মধ্যে ২৭টি পর্যবেক্ষণমূলক গবেষণার প্রায় সাড়ে ৭ লাখ ডেঙ্গু রোগীর তথ্য পর্যালোচনা করা হয়েছে। এই গবেষণায় ডায়াবেটিস আছে এবং নেই—উভয় ধরনের ডেঙ্গু রোগীদের মধ্যে তুলনা করে দেখা গেছে, ডায়াবেটিসে আক্রান্তদের গুরুতর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩ গুণ এবং মৃত্যুর ঝুঁকি প্রায় ৪ গুণ বেশি। গবেষকদের মতে, ডায়াবেটিস ডেঙ্গুর গুরুতর পরিণতি এবং মৃত্যুর সঙ্গে উল্লেখযোগ্যভাবে সম্পর্কিত।

তবে বাংলাদেশের আইইডিসিআরের পর্যালোচনায় ডায়াবেটিসে আক্রান্ত ও আক্রান্ত নয়—এমন ডেঙ্গু রোগীদের মৃত্যুহারের তুলনা করা হয়নি। ফলে ডায়াবেটিসের কারণে মৃত্যুঝুঁকি কতটা বেড়েছে, তা শুধু এই তথ্য দিয়ে নির্ধারণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন রোগতত্ত্ববিদেরা।

রোগতত্ত্ববিদ ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, ‘ডায়াবেটিস, দীর্ঘমেয়াদি কিডনি রোগ, ঝুঁকিপূর্ণ গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিরা ডেঙ্গুর ঝুঁকিতে থাকে। তাদের শুরু থেকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা এবং নিয়মিত রক্তচাপ ও রক্তের পরীক্ষা করা প্রয়োজন। অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি বা উচ্চতর চিকিৎসার ব্যবস্থা করতে হবে।’

ডা. মুশতাক বলেন, ‘অনেক রোগী শুরুতে গুরুতর অসুস্থতা বোধ করে না; বিশেষ করে দরিদ্র মানুষ অসুস্থ অবস্থাতেও কাজ করতে বাধ্য হয়। ফলে অবস্থার অবনতি হলেও হাসপাতালে যেতে দেরি হয়। ঝুঁকিপূর্ণ রোগীদের শুরু থেকে পর্যবেক্ষণে রাখা জরুরি।’

মৃত্যু পর্যালোচনা প্রসঙ্গে ডা. মুশতাক প্রতিটি হাসপাতালের নিজস্বভাবে রোগীর মৃত্যুর ঘটনা পর্যালোচনা করা উচিত বলে মত দেন। তাঁর মতে, স্বাস্থ্য অধিদপ্তর বা জাতীয় প্রতিষ্ঠানগুলো নমুনাভিত্তিক পর্যালোচনা ও গবেষণার মাধ্যমে মৃত্যুর প্রবণতা ও কারণ বিশ্লেষণ করতে পারে। দুটি কাজের উদ্দেশ্য আলাদা।

মৃত রোগীদের লক্ষণ বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি রোগীর জ্বর ছিল। ১১৭ জনের মধ্যে ১১০ জনেরই জ্বর পাওয়া গেছে। ১০৯ জনের মধ্যে ৮৫ জনের শকের লক্ষণ ছিল। এ ছাড়া ১০৪ জনের মধ্যে ৭৩ জনের ত্বক ঠান্ডা ও ঘামযুক্ত ছিল এবং ৬৮ জনের শ্বাসকষ্ট ছিল। ১০২ জনের মধ্যে ৫৬ জনের চেতনার পরিবর্তন দেখা গেছে। এ ছাড়া রক্তক্ষরণের লক্ষণ ছিল ১০৫ জনের মধ্যে ৩৭ জনের।

গবেষকেরা বলছেন, সব মিলিয়ে ডেঙ্গুতে মৃতদের একটি বড় অংশের মধ্যেই শক, শ্বাসকষ্ট ও চেতনার পরিবর্তনের মতো গুরুতর লক্ষণ দেখা গেছে। এসব রোগীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া গুরুত্বপূর্ণ।

হাসপাতালে মৃত রোগীদের চিকিৎসা ও সেবার ধরন বিশ্লেষণ করে তাদের গুরুতর অসুস্থ হয়ে পড়ার চিত্র পাওয়া গেছে। ১০৩ জনের তথ্যের মধ্যে ৭০ শতাংশই আইসিইউতে ভর্তি ছিল। মৃত্যুর সঙ্গে চিকিৎসা নিতে বিলম্ব, হাসপাতালে ভর্তির সময় রোগীর সংকটাপন্ন অবস্থা এবং চিকিৎসাসেবার বিভিন্ন পর্যায়ের জটিলতার সম্পর্কও উঠে এসেছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকী আজকের পত্রিকাকে বলেন, ‘হাসপাতালগুলোর মৃত্যু পর্যালোচনা থেকে তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ১১৯ জনের তথ্য ডেঙ্গুতে মোট মৃত্যুর তুলনায় একটি উল্লেখযোগ্য অংশ। এই তথ্য দিয়ে সব মৃত্যুর চিত্র পুরোপুরি তুলে ধরা যাবে না। তবে এ ধরনের বিশ্লেষণ থেকে কিছু প্রবণতা এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়। এর আগে ২০২৩ সালে ডেথ রিভিউ হয়েছিল।’