স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ রোববার বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
আজ রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়।
এর আগে গতকাল শনিবার একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক শনাক্ত হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আজ দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটির চিকিৎসা করা হয়েছে ডাইলেশন পদ্ধতিতে, অর্থাৎ বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করে।
অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।