গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০) ও ময়মনসিংহ (১) বিভাগে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।