হোম > স্বাস্থ্য

ডেঙ্গু: ২৪ ঘণ্টার ব্যবধানে রোগী বেড়েছে, আরও ৫ জনের মৃত্যু

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

হামের পাশাপাশি দেশে ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যেখানে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৬৫৫ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৯৫ জনের মৃত্যু হয়েছে।

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়। তবে সেপ্টেম্বরের শুরু থেকে পরিস্থিতির অবনতি ঘটে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৫৯ জন ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোয় ভর্তি হয়েছে ৩৯১ জন।

ঢাকার বাইরে অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে ৩১৬, বরিশাল বিভাগে ১৯০, রাজশাহীতে ১৬২, ময়মনসিংহে ১০৫, রংপুরে ৬৭ ও সিলেট বিভাগে ৬ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

সে হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে ৬৫ হাজার ৪৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ৬০ হাজার ৫৬০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। আর প্রাণ হারিয়েছে ১৯৫ জন।

আক্রান্তদের মধ্যে ৬২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং নারী ৩৭ দশমিক ৪ শতাংশ। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার ব্যক্তিদের মধ্যে নারী ৫২ দশমিক ৬ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ৪ শতাংশ।