হোম > ফ্যাক্টচেক > দেশ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নয়, নিজের বাইক পোড়ানোর ভিডিওটি ভিন্ন ঘটনার

ফ্যাক্টচেক ডেস্ক 

তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেনীতে বাইকে আগুন দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিও। ছবি: স্ক্রিনশট

জ্বালানি তেলের মূল্য প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোর প্রতিবাদে ফেনীর জনগণ নিজের মোটরসাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

আলোচিত দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট রয়েছে এখানে এখানে, এবং এখানে

Sarker Alamin’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচিত দাবিতে গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর) একটি ভিডিও শেয়ার করা হয়। ভিডিওটি আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ১ হাজার ১০০টি রিঅ্যাকশন, ৫২টি কমেন্ট ও ২০৭ বার শেয়ার পেয়েছে। পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশ ব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ২৪ সেকেন্ডের ভিডিওটিতে সড়কের ওপর একটি মোটরসাইকেল দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এ সময় ক্ষুব্ধ এক ব্যক্তি আগুন নেভাতে আসা স্থানীয় বাসিন্দাদের বাধা দেন এবং পাশে একজন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে ভিডিওটি ফেনীর কোন স্থানে ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। গত রোববার (২০ সেপ্টেম্বর) ডিজেল, পেট্রল ও অকটেনের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। এ নিয়ে সাধারণ নাগরিকেরা অসন্তোষ প্রকাশ করছেন। তবে সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে আলোচিত ভিডিওটির সম্পর্কের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ইউটিউবে ‘পুলিশের মামলায় ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে নিজেই দিলেন আগুন’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনের ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, ট্রাফিক আইন অমান্যের অভিযোগে পুলিশ মামলা দেওয়ায় শওকত আলম নামের এক রাইড শেয়ারের চালক নিজের মোটরসাইকেলে আগুন দেন।

যমুনা টিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনেও বলা হয়, রাজধানীর বাড্ডা এলাকায় ট্রাফিক পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন রাইড শেয়ার প্ল্যাটফর্ম ‘পাঠাও’-এর এক চালক।

প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালের ২৭ সেপ্টেম্বর বাড্ডা লিংক রোড এলাকায় জনতা ইনস্যুরেন্সের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুড়ে যাওয়া মোটরসাইকেল ও শওকত আলীকে বাড্ডা থানায় নিয়ে যাওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

জিজ্ঞাসাবাদ শেষে শওকত আলী গণমাধ্যমকে জানান, মোটরসাইকেলে আগুন দেওয়ার পেছনে পুলিশের কোনো দোষ নেই। রাগ করে নিজের গাড়িতে আগুন দিয়েছেন। এর আগের সপ্তাহেও তাঁকে একটি মামলা দেওয়া হয়েছিল। সেদিন ট্রাফিক পুলিশ আবারও মামলা দিতে চাইলে ক্ষোভ থেকে তিনি এ কাজ করেন বলে জানান।

বাড্ডা থানার সহকারী কমিশনার (ট্রাফিক) সুবীন রঞ্জন দাস ওই সময় গণমাধ্যমকে বলেন, ওই ব্যক্তি হতাশাগ্রস্ত ছিলেন বলে মনে হয়েছে। করোনায় ব্যবসায় লোকসান হওয়ার পর তিনি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। এসব কারণে হতাশা থেকে তিনি এ কাজ করে থাকতে পারেন।

আরটিভির প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

উল্লেখ্য, সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। গত রোববার এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ২১ সেপ্টেম্বর (গতকাল) থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে বেড়ে ১৫৫ টাকা, অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা ও পেট্রল ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা হয়েছে।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেনীতে মোটরসাইকেলে আগুন দেওয়ার দাবিটি বিভ্রান্তিকর। মূলত ২০২১ সালে রাজধানীর বাড্ডায় এক রাইড শেয়ার চালক নিজের বাইকে আগুন দেন। সেই ঘটনার ভিডিওকে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে নিজের বাইকে অগ্নিসংযোগ দাবিতে ছড়ানো হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com