হোম > ফ্যাক্টচেক > দেশ

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ের খবরটি ভারতের, জামায়াত নেতার নামে মিথ্যা প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন জামায়াত নেতা। ছবি: স্ক্রিনশট

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন জামায়াতের এক তরুণ নেতা—এমন দাবিতে মূলধারার টেলিভিশন চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে,এখানে, এখানেএবং এখানে

‘Jahirul Haque Ba’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘জান্নাত এর পথে হাঁটছে জামাত ইসলামের নেতাকর্মীরা’ ক্যাপশনে গত ৯ জুন রাত ৯টা ৫৪ মিনিটে আলোচিত দাবিতে একটি ফটোকার্ড শেয়ার করা হয়, যা সম্ভাব্য প্রথম পোস্ট ও সবচেয়ে বেশি ছড়িয়েছে। ফটোকার্ডটিতে ১১ জুন বেলা ১২টা পর্যন্ত ১ হাজার ২০০রিয়্যাকশন, ৪৫২ কমেন্ট ও ২২৭ শেয়ার রয়েছে।

শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই জামায়াতে ইসলামীর তীব্র সমালোচনা করে এটিকে ‘জামাতি সংবিধানী আইন’ বা ‘ইসলামের লেবাস’ বলে নেতিবাচক কমেন্ট করেছেন। আবার কেউ কেউ ‘ঘটনাটি ভারতের হতে পারে’ বলেও কমেন্ট করেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেশের মূলধারার স্যাটেলাইট চ্যানেল ‘বাংলা টিভি’র লোগো, তারিখ, সামাজিক যোগাযোগমাধ্যমের আইকন ও ওয়েবসাইটের ঠিকানা ইত্যাদি দেখতে পাওয়া যায়।

এই সূত্র ধরে বাংলা টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসন্ধান চালানো হয়। অনুসন্ধানে গত ৯ জুন সন্ধ্যা ৭টা ৪৬ মিনিটে বাংলা টিভির শেয়ার করা একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ওই ফটোকার্ডটির সঙ্গে ভাইরাল ফটোকার্ডের মিল থাকলেও কিছু অমিল ধরা পড়ে। বাংলা টিভির ফটোকার্ডটিতে নারীর ছবি একই থাকলেও পুরুষের ছবিটি সম্পূর্ণ ভিন্ন ছিল। একই সঙ্গে শিরোনামে কিছুটা ভিন্নতার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ও কার্ডের রঙেও পার্থক্য পরিলক্ষিত হয়।

এ ছাড়া ফটোকার্ডটিতে জুড়ে দেওয়া বাংলা টিভির ওয়েবসাইটে ‘স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করলেন যুবক’ শিরোনামে একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের উত্তর প্রদেশে এক যুবক স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভাইরাল একটি ভিডিওতে আদালত প্রাঙ্গণে নবদম্পতিকে বিয়ের নথিপত্র ও ফুলের মালাসহ দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বাংলা টিভি খবরটি প্রকাশ করে।

কমপেরিজন। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, শিরোনামে ১০ জুন ভারতীয় সংবাদমাধ্যম মানি কন্ট্রোল-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশ রাজ্যের কানপুর দেহাতের আকবরপুর এলাকার এক ব্যক্তি স্ত্রী সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছে।

এ ছাড়া ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে -এর প্রকাশিত প্রতিবেদনেও একই তথ্য ও ছবি পাওয়া যায়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

অর্থাৎ, ভারতের উত্তর প্রদেশের এক যুবকের শাশুড়িকে বিয়ের চাঞ্চল্যকর খবরকে কেন্দ্র করে বাংলা টিভির তৈরি করা ফটোকার্ডের শিরোনাম এবং পুরুষের ছবি ডিজিটাল প্রযুক্তির সাহায্যে পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া মূল খবরের শিরোনামে ‘যুবক’ শব্দটি পরিবর্তন করে সেখানে ‘জামাতের এক তরুণ নেতা’ বাক্যটি জুড়ে দিয়ে ভুয়া ফটোকার্ড তৈরি করে ছড়ানো হয়েছে।

সিদ্ধান্ত

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের জামায়াতে ইসলামীর এক নেতার সঙ্গে সংশ্লিষ্টতা দেখানো হয়েছে। জাতীয় গণমাধ্যমের নিউজ কার্ড পরিবর্তন করে ‘জামায়াত নেতার শাশুড়িকে বিয়ে’ শিরোনামে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

জুলাই আন্দোলনের ভিডিওকে আ. লীগের মিছিল দাবিতে প্রচার

সুনামগঞ্জের ‘চোর নির্মূল কমিটি’র অভিযানকে সাম্প্রদায়িক নির্যাতন বলে প্রচার

‘ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া’র ভিডিওটি ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের বানানো

কুমিল্লায় শিশু নির্যাতনের ভিডিওকে আ.লীগ নেতার ছেলেকে হত্যা দাবিতে প্রচার

বাংলা, ইতিহাস ও দর্শনের অনার্স কোর্স বাতিলের দাবিটি গুজব

সীমান্তে মাইন পুঁততে গিয়ে ভারতীয় গুপ্তচর আটকের দাবিটি মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতার

‘জামাত দেশ রক্ষার জন্য রাজনীতি করে’—রুমিন ফারহানার নামে ছড়ানো বক্তব্যটি বানোয়াট

ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার

তোফায়েল আহমেদের জানাজায় জামায়াতের বাধা—ভাইরাল দাবির সত্যতা যাচাই

‘বেদে নারী’দের চুল কাটার ভিডিও ভাইরাল, অভিযুক্ত কি সত্যিই মুগদার জামায়াত নেতা