টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের বেশ কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের একাধিক জেলা প্লাবিত হয়েছে এবং লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। এমন প্রেক্ষাপটে, ‘জলাবদ্ধ তার মাঝে সন্তানকে আগলে রাখলেন বাবা...’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
গতকাল ১২ জুলাই ‘তালাশ বিডি’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়, যা আজ সোমবার (১৩ জুলাই) দুপুর পর্যন্ত ১২ লাখের বেশি বার দেখা হয়েছে। এ ছাড়া ভিডিওটিতে ৭৩ হাজার রিয়েকশন, ১ হাজার ৪০০ কমেন্ট এবং ১২ হাজারের বেশি শেয়ার রয়েছে।
‘Md. Alamgir Hasan’ নামের একটি ফেসবুক পেজ থেকেও ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়—এটি চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ার সাম্প্রতিক বন্যার দৃশ্য।
একই দাবিতে আরও কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে , এখানে এবং এখানে ।
শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ সাধারণ ব্যবহারকারীই ভিডিওটিকে সাম্প্রতিক সময়ের ঘটনা মনে করে বন্যাকবলিত মানুষের জন্য প্রার্থনা ও উদ্বেগ প্রকাশ করছেন।
প্রচারিত ভিডিওটিতে দুই শিশুকে বুকে জড়িয়ে এক ব্যক্তিকে বন্যার পানিতে ভেসে থাকতে দেখা যায়। আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে ভিডিওটি সাম্প্রতিক সময়ের—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘সার্ভেয়ার রুবেল খান’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৪ সালের ২৪ আগস্ট প্রকাশিত হুবহু একই ভিডিও পাওয়া যায়। সে সময় ভিডিওটির ক্যাপশনে বলা হয়, ‘আমরাও বাঁচতে চাই, বাবার কাছে তো সন্তান নিরাপদ।’
‘সার্ভেয়ার রুবেল খান’ নামের অ্যাকাউন্টটি আরও পর্যবেক্ষণ করে ২০২৪ সালের আগস্টে শেয়ার করা আরও কয়েকটি (১ , ২,৩ ) ভিডিও পাওয়া যায়। সেসব ভিডিওর ক্যাপশন ও বিবরণ থেকে জানা যায়, সেগুলো সে সময় নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বন্যা পরিস্থিতির চিত্র।
তবে পানিতে ভাসতে থাকা বাবা ও দুই শিশু সন্তানের ভিডিওটি প্রকৃত নাকি সাজানো তা নিশ্চিত হওয়া যায়নি।
বন্যার পানিতে দুই সন্তানকে বুকে জড়িয়ে বাবার ভেসে থাকার ভিডিওটি চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া কিংবা সাম্প্রতিক কোনো ঘটনার নয়। মূলত, ২০২৪ সালের আগস্টে নোয়াখালীর বন্যাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া পুরোনো ভিডিওকে সাম্প্রতিক প্রেক্ষাপটে ছড়ানো হচ্ছে।