ঢাকায় বোরকা পরা এক নারীকে যৌন হয়রানির ভিডিও দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট ছড়িয়ে পড়েছে। ‘শূকরের মাংস খেয়ে শূকরের মতো কাজ করতেছে’—ক্যাপশনে শেয়ার করা ওই পোস্টে দাবি করা হয়, ‘আজ ঢাকায় আমার বাসার সামনে আমার সাথে এমন হয়েছে, উনাকে ধরে পুলিশে দিবেন ধরতে পারলে।’
এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে(আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
‘Natural Lifestyle’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয় এবং এটি সবচেয়ে বেশি ছড়িয়েছে। ৩০ এপ্রিল সকাল ১০টা ৭ মিনিটে শেয়ার করা ওই ভিডিওটি আজ (৩ মে) বেলা ১১টা ৫৪ মিনিট পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া এতে ২ হাজার ৫০০ রিঅ্যাকশন, ২৭৪টি কমেন্ট ও ১ হাজার ১০০টি শেয়ার রয়েছে।
‘সংসদে সাদা শকুন কী বলে আর তার চ্যালারা কী করে দেখুন’ ক্যাপশনে ইনস্টাগ্রামেও একই ভিডিও পাওয়া যায়। শেয়ার করা ওই ভিডিওতে ‘নির্জন রাস্তায় হাঁটার সময় নারীর বুকে হাত’ লেখা পাওয়া যায়।
ভিডিওর কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী এমন ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
ভিডিওটি পর্যবেক্ষণে দেখা যায়, বোরকা পরা এক নারী এক টুপি-পাঞ্জাবি পরা ব্যক্তির কাছে যৌন হয়রানির শিকার হচ্ছেন। এরপর ওই ব্যক্তিকে দৌড়ে চলে যেতে দেখা যায়। এ সময় ভিডিওটিতে হিন্দি ভাষায় কথা বলতেও শোনা যায়।
সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান চালানো হলে আলোচিত দাবিতে দেশীয় কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন কিংবা কোনো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওর কয়েকটি দৃশ্যের কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। অনুসন্ধানে ভারতের হিন্দি ভাষার গণমাধ্যম bhaskar-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘মুরাদাবাদে এক মাওলানার এক নারীকে হেনস্থা: রাস্তায় হাঁটার সময় ধ্বস্তাধ্বস্তি, নারীর চিৎকারে দৌড়ে পলায়ন’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশের মুরাদাবাদে দিনে-দুপুরে এক বোরকা পরা নারীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই নারী রাস্তায় হাঁটছিলেন, তখন এক যুবক তাঁকে অনুসরণ করে শ্লীলতাহানির চেষ্টা করে। নারীটি চিৎকার করলে সে পালিয়ে যায়।
প্রতিবেদনে আরও বলা হয়, ঘটনাটি পাশের একটি বাড়ির সিসিটিভিতে ধরা পড়ে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে মানুষ ক্ষুব্ধ হয়। ভুক্তভোগী থানায় এফআইআর দায়ের করেছেন। পুলিশ ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করেছে এবং তাঁকে ধরতে একাধিক দল কাজ করছে। তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
আরও অনুসন্ধানে একই তথ্য একাধিক (১) ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে (১, ২,৩) শেয়ার করা পোস্ট থেকে পাওয়া যায়।
এ ছাড়া ‘MORADABAD POLICE’ নামের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে ১ মে প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। মুরাদাবাদ পুলিশের বক্তব্য অনুযায়ী, মুঘলপুরা থানা এলাকার অন্তর্গত এক ব্যক্তি এক নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটিয়েছে। প্রাপ্ত লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে এবং ঘটনায় জড়িত নওশাদ নামের ওই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে।
একই তথ্য পাওয়া যায় ‘The Times of India’-এর প্রতিবেদনেও ।
সিদ্ধান্ত
ভিডিওর ঘটনাটি বাংলাদেশের নয়, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুরাদাবাদের।