হোম > ফ্যাক্টচেক > বিদেশ

নেপালে কি সত্যিই বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন বালেন্দ্র শাহ

ফ্যাক্টচেক ডেস্ক

নেপালে বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘নেপালের বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে বলা হচ্ছে, নেপালে সব বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি কর্মকর্তাদের সন্তানদেরও বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে পড়তে হবে। পোস্টটি শেয়ার করে কেউ ক্যাপশনে লিখেছেন, ‘দেখি আর আফসোস করি।’ আবার কেউ লিখেছেন, ‘বাংলাদেশে কবে?’

এই দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়েছে (দেখুন এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

Target SSC বাংলা’ নামের একটি পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি করা হয়েছে। ৬ এপ্রিল শেয়ার করা ওই পোস্টে আজ বেলা ১০টা ৪৫ মিনিট পর্যন্ত প্রায় ১৫ হাজার রিয়েকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ১০০-এর ওপর কমেন্ট এবং প্রায় ১ হাজার ৩০০ শেয়ার রয়েছে।

পোস্টটির কমেন্ট বিশ্লেষণে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী দাবিটিকে সত্য বলে মনে করেছেন। অনেকেই এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, প্রতিটি দেশে এ ধরনের ব্যবস্থা চালু হওয়া উচিত। কেউ বলেছেন, ‘শুনেও শান্তি লাগছে।’ আবার কেউ কেউ দাবি করেছেন, এটি পরিকল্পিতভাবে সরকারি স্কুলগুলো ধ্বংসের একটি প্রচেষ্টা।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে রাজনীতিমুক্ত করা, দুর্নীতি দমন এবং সরকারি সেবার মান উন্নয়নে বালেন্দ্র শাহ চলতি বছরের মার্চ মাসে তাঁর সরকারের১০০ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেন। বালেন্দ্র শাহের ১০০ দফা কর্মসূচিতে শিক্ষাখাতকে প্রাধান্য দেওয়া হয়েছে।

2082 BS: Public education under party pressure’ শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত করা, শিক্ষার্থীদের সৃজনশীলতা বাড়ানো এবং আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও গবেষণাধর্মী করে তোলার বিষয়ে জোর দেওয়ার কথা বলা হয়েছে। তবে বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

অনুসন্ধানে ‘দ্য কাঠমুন্ডু পোস্ট’ এ প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ৮ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নেপালের শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি স্কুলগুলোকে অতিরিক্ত ফি আদায় না করার জন্য সতর্ক করেছে। অনেক স্কুল নিয়ম ভেঙে আগাম ভর্তি ও অতিরিক্ত ফি নেওয়ায় এই নির্দেশনা দেওয়া হয়। সেখানে ভর্তি ফি সীমিত রাখা, নিয়ম ভঙ্গ করলে জরিমানা এবং পুনরাবৃত্তিতে লাইসেন্স বাতিলের মতো পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। তবে এই প্রতিবেদনে কোথাও বেসরকারি স্কুল বন্ধ করার কথা বলা হয়নি।

বিষয়টি নিয়ে ‘দ্য হিমালয়ান টাইমস’ -এ ৯ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বেসরকারি স্কুলগুলোকে বিদেশি ধাঁচের নাম পরিবর্তন করে নেপালি সংস্কৃতি ও জাতীয় বীরদের নামে নামকরণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, অন্তত ১০ শতাংশ আসন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বিনা খরচে পড়ার সুযোগ রাখার বাধ্যবাধকতার কথাও বলা হয়েছে। এখানেও স্কুল বন্ধের কোনো সিদ্ধান্তের উল্লেখ নেই।

এ ছাড়া অনুসন্ধানে ‘Mayor Balendra Shah warns of stern action against public school closure’ কাঠমান্ডু পোস্টের ২০২৩ সালের ২৭ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়, ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাঠমান্ডু মহানগরীর মেয়র বালেন্দ্র শাহ ঘোষণা করেছেন, কোনো অজুহাতে বা রাজনৈতিক আন্দোলনের কারণে মহানগরীর আওতাধীন কোনো পাবলিক বা সরকারি স্কুল বন্ধ রাখা যাবে না। তিনি স্পষ্টভাবে সতর্ক করে দেন, যদি কোনো শিক্ষক বা কর্মচারী স্কুল বন্ধের এই নির্দেশ অমান্য করেন বা ক্লাস নেওয়া থেকে বিরত থাকেন, তাহলে তাঁকে বরখাস্ত করা হবে।

এ ছাড়া নেপালে বেসরকারি স্কুল বন্ধের পরিবর্তে সেগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে—এ নিয়েই দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ২০২৫ সালের জুনে কাঠমান্ডু পোস্ট জানায়, বেসরকারি স্কুলগুলো চালু রাখার পক্ষে এবং নিয়ন্ত্রণ জোরদারের দিকে ঝুঁকছে সরকার।

সিদ্ধান্ত

নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন—এমন খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেপাল সরকার বেসরকারি স্কুল নিয়ন্ত্রণ ও সংস্কারের উদ্যোগ নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

ইরানের মার্কিন বাহিনীর প্রবেশ দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো, ঘটনাস্থলও ভিন্ন

বুলগেরিয়ার ঘটনাকে নেতানিয়াহুর ওপর হামলা বলে প্রচার

কাতার নিজ ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে—দাবিটি সঠিক নয়

মুসলিম ঐতিহ্যবাহী পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা— ছবিটি এআই-নির্মিত

জম্মু-কাশ্মীরের ঘটনা ইরানের বলে প্রচার

ফুটবলার হালান্ডের ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

ইসরায়েলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী লেভিন—দাবিটি সঠিক নয়

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে

ইরানের পরাজয় মানে ভারতের সাফল্য—সেনা কর্মকর্তার নামে ছড়ানো ভিডিওটি ডিপফেক