সাম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি নির্যাতনের ভিডিও ছড়ি০য়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কালো ইউনিফর্ম পরা কিছু ব্যক্তি কারাগারের মতো স্থানে লাঠি দিয়ে বন্দিদের মারধর করছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নির্যাতনের দৃশ্য।
এই দাবিতে এক্সে পোস্ট আছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
‘Jvnior’ নামের একটি এক্স অ্যাকাউন্টে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট করা হয়। এক্সে শেয়ার করা ওই পোস্টে ইংরেজিতে বলা হয়, ‘আইডিএফ সৈন্যরা ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সর্বদা নির্যাতন করে। আমাদের নীরবে মরতে দেবেন না। এটি আবার শেয়ার করো।’
১১ এপ্রিল শেয়ার করা ভিডিওটি আজ (৩ মে) বিকাল ৪টা ৪১ মিনিট পর্যন্ত প্রায় ৪ লাখ ২১ হাজার বার দেখা হয়েছে। এ ছাড়া এতে ৩১ হাজার ৫০০ রিয়েকশন, ৬৪০ কমেন্ট ও ২৩ হাজার ৬০০ রিপোস্ট রয়েছে।
ভাইরাল দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।
ভিডিওটির কিছু দৃশ্যের রিভার্স ইমেজ নিয়ে অনুসন্ধানে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘আল-ইরাকিয়া’-এর ফেসবুক পেজে গত ৯ মার্চ শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর মিল রয়েছে। ভিডিওটির ক্যাপশনে আরবিতে লেখা, ‘আবু আরুবা, রাফিদের হত্যার প্রতিশোধ নিতে দালাল ও ক্রেতাকে হত্যা করেছে।’
এ ছাড়া ভিডিওটির ক্যাপশনে ‘বাইত উম্মে লায়লা’ ও ‘আল-ইরাকিয়া’ হ্যাশট্যাগ যুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে আল-ইরাকিয়া-এর ইউটিউব চ্যানেলে ‘বাইত উম্মে লায়লা’ নামের ২৫ পর্বের একটি ধারাবাহিক খুঁজে পাওয়া যায়। পর্বগুলো যাচাইয়ে দেখা যায়, ভাইরাল হওয়া ক্লিপটি ওই ধারাবাহিকের ১৬ নম্বর পর্বের একটি দৃশ্য।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘বাইত উম্মে লায়লা’ সিরিজটি মূলত কারাবন্দী এবং তাঁদের পরিবারের মনস্তাত্ত্বিক টানাপোড়েন ও জীবনসংগ্রাম নিয়ে নির্মিত একটি ধারাবাহিক সামাজিক-রাজনৈতিক নাটক।
কারাগারে বন্দীদের মারধরের ভিডিওটি ইসরায়েলি বাহিনীর নির্যাতনের কোনো দৃশ্য নয়। এটি ইরাকি টেলিভিশন সিরিজ ‘বাইত উম্মে লায়লা’-র একটি দৃশ্য।