হোম > ফ্যাক্টচেক > বিদেশ

মিসরের কোচের সমর্থনে মরিনহোর নামে প্রচারিত পোস্টটি ভুয়া

ফ্যাক্টচেক ডেস্ক

হোসে মরিনহোর ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ছড়ানো ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

বিশ্বকাপে আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার ম্যাচকে ‘ডাকাতি’ অভিহিত করার পর এবার রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ হোসে মরিনহো মিসরের কোচের বর্ণবাদবিরোধী ‘এক্স’ সংকেতকে সমর্থন করে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেছেন—এ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) ‘ATN Bangla News’ নামের একটি ফেসবুক পেজে ছড়ানো ফটোকার্ডের ক্যাপশনে বলা হয়, ‘বিশ্বকাপে আর্জেন্টিনা-মিশর ম্যাচে বর্ণবাদী আচরণ তুলে এক্স চিহ্ন প্রদর্শন করে হলুদ কার্ড দেখেন মিশরের কোচ হোসাম হাসান। বিশ্বকাপের সেই ম্যাচ নিয়ে বিশ্বজুড়ে তুমুল সমালোচনা চলছে । এরই মধ্যে সেই খেলা নিয়ে কঠোর মন্তব্য করেন চেলসি ও ইন্টার মিলানের সাবেক এবং বর্তমান রিয়েল মাদ্রিদের কোচ জোসে মরিনহো। আর্জেন্টিনা-মিশর ম্যাচের পরপরই তিনি সেই খেলাকে ‘‘ডাকাতি’’ বলে অভিহিত করেন। এবার সেই তেলের আগুনে ঘি ঢাললেন নিজেই। আজ তাঁর ভেরিফাইড ফেসবুকে মিশরের কোচের ‘‘এক্স’’ প্রদর্শনকে সমর্থন করে নিজেই ‘‘এক্স’’ প্রদর্শন করে ফেসবুকে পোষ্ট দিয়েছেন।’ (লেখা ও বানান অপরিবর্তিত)

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে ফুটবল কোচ হোসে মরিনহো আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে এমন কোনো মন্তব্য বা ছবি পোস্ট করেছেন কি না, তা নিয়ে অনুসন্ধানে ‘Mourinho coach’ নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজে ভাইরাল হওয়া ছবিটি পাওয়া যায়। তবে পেজটির ‘Page Transparency’ থেকে জানা যায়, ২০২৩ সালের ২৫ এপ্রিল Mourinho coach নামের পেজটি খোলার পর একই দিনে এর নাম পরিবর্তন করে ‘Yousef Abdullah Balideh’ রাখা হয়েছিল। পরে গত ১৬ মে পেজটির নাম আবার বদলে ‘Mourinho coach’ করা হয়। এ ছাড়া পেজটি পরিচালনাকারীদের মধ্যে পাঁচজন মিসরের এবং একজন ইতালিতে অবস্থান করছেন। অর্থাৎ, পেজটি মিসর ও ইতালি থেকে পরিচালনা করা হচ্ছে।

এ ছাড়া অনুসন্ধানে মরিনহোর নিজস্ব কোনো ফেসবুক পেজ বা অ্যাকাউন্ট পাওয়া যায়নি।

মরিনহোর নামে চালানো ভুয়া পেজের ‘পেজ ট্রান্সপারেন্সি’। ছবি: স্ক্রিনশট

আরও অনুসন্ধানে মরিনহোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম প্রোফাইল অনুসন্ধান করে দেখা যায়, তিনি সাম্প্রতিক সময়ে এই ধরনের কোনো ছবি পোস্ট করেননি। মূলত ভাইরাল হওয়া ‘এক্স’ প্রদর্শনের ছবিটি মরিনহো আজ থেকে তিন বছর আগে, ২০২৩ সালের ১১ মার্চ তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন—যার সঙ্গে সাম্প্রতিক আর্জেন্টিনা-মিসর ম্যাচের কোনো সম্পর্ক নেই। পাশাপাশি, আন্তর্জাতিক কোনো গণমাধ্যমেও মরিনহো কর্তৃক এই ম্যাচকে ‘ডাকাতি’ বলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তবে গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হোসে মরিনহো গত ১১ জুন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, যার ফলে ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিনি স্প্যানিশ ক্লাবটিতে থাকবেন।

মরিনহোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ৩ বছর আগের পোস্ট। ছবি: স্ক্রিনশট

মিসরের কোচের ‘এক্স’ চিহ্নের প্রকৃত কারণ কী

গত মঙ্গলবার (৭ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের কোচ হোসাম হাসান দুই হাত ক্রস করে ‘এক্স’ চিহ্ন দেখান। বুকের সামনে দুই হাত ক্রস করে ‘এক্স (X)’ চিহ্ন তৈরি করা মূলত ফিফা স্বীকৃত একটি আনুষ্ঠানিক সংকেত। মাঠে কোনো খেলোয়াড় বা কোচ বর্ণবাদী বা বৈষম্যমূলক আচরণের শিকার হলে এই সংকেত ব্যবহার করে রেফারিকে জানাতে পারেন। ২০২৪ সালে ফিফা বর্ণবাদের বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করতে এই ‘ক্রসড আর্মস’ সংকেতটি ম্যাচ প্রটোকলে অন্তর্ভুক্ত করে। এই সংকেত পাওয়ার পর রেফারি খেলা সাময়িক বন্ধ বা পরিত্যক্ত ঘোষণা করতে পারেন। তবে হোসাম হাসান ঠিক কোন অভিযোগে এই সংকেত ব্যবহার করেছিলেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সিদ্ধান্ত

আর্জেন্টিনা-মিসরের ম্যাচকে রিয়াল মাদ্রিদ কোচ হোসে মরিনহোর ‘ডাকাতি’ বলা ও মিসরের কোচকে সমর্থন জানিয়ে ফেসবুকে ছবি পোস্ট করার দাবিটি বানোয়াট। মূলত, মরিনহোর তিন বছর আগের একটি ছবিকে সম্প্রতি আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

আদালতে হাতকড়া পরা ইমরান খানের ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি

ভিডিওটি বাংলাদেশি পর্যটকদের ওপর হামলার নয়, ভারতে স্থানীয় বিবাদের ঘটনা

১৯৩০ বিশ্বকাপের ‘বিরল ছবি’ দাবিতে ছড়ানো হচ্ছে ১৯৪৭ সালের ম্যানচেস্টার ডার্বির সম্পাদিত ছবি

আর্জেন্টিনার জার্সি পরে গ্যালারিতে খেলা দেখছেন নেতানিয়াহু—ছবিটি কি সত্য

ভাইরাল ছবিটি ভেনেজুয়েলার ভার্গাস ট্র্যাজেডি নিয়ে নির্মিত চলচ্চিত্রের দৃশ্য, সাম্প্রতিক ভূমিকম্পের নয়

সরল সৌন্দর্যে সোশ্যাল মিডিয়া মাত করা তরুণী বাস্তব নাকি এআই

মোটরসাইকেলের শোরুমে ঢুকে কুপিয়ে হত্যার ভিডিওটি ভারতের

বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে না, ভিডিওটি নেপালের

শিশুদের কোরআন তিলাওয়াতের ভিডিওটি কি কাতার বিশ্বকাপের উদ্বোধন অনুষ্ঠানের

মুসলিমদের গ্রেপ্তারের ভিডিওটি ভারতের, তবে ২৭ বছর আগের ভিন্ন ঘটনার