‘বিএনপি নামক দলটিকে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো’— জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হান্নান মাসউদের এমন উদ্ধৃতি দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিকে অনেক ব্যবহারকারী সত্য মনে করে শেয়ার করেছেন, আবার কেউ কেউ এমন মন্ত্যবের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
এই দাবিতে ভাইরাল কয়েকটি পোস্ট আছে এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এখানে (আর্কাইভ)।
‘প্রতিদিনের খবর’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গতকাল (৩০ মার্চ) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়। পোস্টটি ব্যাপকভাবে ছড়িয়েছে। শেয়ার করা পোস্টটিতে আজ (৩১ মার্চ) দুপুর ২টা ৫ মিনিট পর্যন্ত ৭ হাজার ৮০০ রিয়েকশন পড়েছে। এ ছাড়া পোস্টটিতে ২ হাজার কমেন্ট এবং ৫২৭টি শেয়ার রয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে হান্নান মাসউদের নাম ও ছবি ব্যবহার করে মন্তব্য জুড়ে দেয়া হয়েছে, তবে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি।
বিষয়টি যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলে বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’-এর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি প্রকাশিত ওই ভিডিওর ক্যাপশনে লেখা, ‘বিএনপি নামক দলটিকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবো।’
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, সেখানে হান্নান মাসউদ নয়, বরং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বক্তব্য দিচ্ছেন। প্রায় ৩০ সেকেন্ডের ওই ভিডিওতে তিনি বলেন, ‘যদি ভোট ডাকাতি হয়, তাহলে মির্জা আব্বাসের যে রাজত্ব আছে ঢাকা-৮-এ, তা তছনছ করে দেব। জয়ী হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেব, ইনশাআল্লাহ। আমরা অনেক ধৈর্য ধরেছি।’
এ ছাড়া দেশীয় কোনো গণমাধ্যম বা কোনো সূত্রেই হান্নান মাসউদের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
হান্নান মাসউদের নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডে প্রচারিত বক্তব্যটি তাঁর নয়।