হোম > প্রবাস

কানাডায় বাংলাদেশিদের অংশগ্রহণে ভিক্টোরিয়া দিবস উদ্‌যাপন

মাহফুজুল কাদের, কানাডার অন্টারিও থেকে

কানাডার রাজধানী অটোয়াসহ বিভিন্ন শহরে আতশবাজি পুড়িয়ে উদ্‌যাপন করা হয় ভিক্টোরিয়া দিবস। ছবি: সংগৃহীত

কানাডায় গত ১৮ মে (সোমবার) ভিক্টোরিয়া দিবস উদ্‌যাপিত হয়েছে। রানি ভিক্টোরিয়ার জন্মদিনের স্মারক এবং বসন্তের আগমন উপলক্ষে ১৮৪৫ সাল থেকে ফেডারেল ছুটির মর্যাদায় ‘ভিক্টোরিয়া লং-উইক-এন্ড’ উদ্‌যাপিত হয়ে আসছে দিবসটি।

রাজধানী অটোয়াসহ টরন্টো, হ্যামিলটন, কিংসটন ও নায়াগ্রা ফলসের বাংলাদেশি কমিউনিটিও দিবসটি উদ্‌যাপন করেছে।

কানাডার রাষ্ট্র শাসনব্যবস্থা শাসনতান্ত্রিক রাজতন্ত্র ও ওয়েস্টমিনস্টার আদলের পার্লামেন্টারি গণতন্ত্রের মিশ্রণ। এ ব্যবস্থায় রাজা বা রানি রাষ্ট্রের প্রধান; পাশাপাশি প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিপরিষদ পার্লামেন্টের কাছে দায়বদ্ধ।

ঐতিহ্যগতভাবে মে মাসের মধ্যবর্তী এক সোমবারকে শনিবার ও রবিবারের সঙ্গে যুক্ত করে তিন দিনের প্রলম্বিত সাপ্তাহিক ছুটি হিসেবে গণ্য করা হয়। এ দিনে ফেডারেল ও মিউনিসিপ্যাল সরকারের উদ্যোগে সোমবার সূর্যাস্তের পর আতশবাজি পোড়ানো হয়। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী গান পরিবেশন করে এবং বিভিন্ন সংস্থা ড্রোন প্রদর্শনী আয়োজন করে থাকে।