হোম > ছাপা সংস্করণ

রসায়ন-চশমা দিয়ে দেখি

কাজী ফারহান হোসেন পূর্ব

বাস্তব জীবনের বিভিন্ন ঘটনার সঙ্গে সন্ধি ঘটাতে না পেরে অনেকেই রসায়নকে অপছন্দ করা শুরু করে। পরমাণু ভাইয়া এ জন্য খুবই মনঃকষ্টে ভুগছেন। তাঁর মতে, আমাদের জীবনের প্রতিটি ঘটনায় ছড়িয়ে-ছিটিয়ে আছে রসায়ন। শুধু দরকার চারপাশটাকে রসায়ন-চশমা দিয়ে দেখা। তাই তিনি আজ কাজী ফারহান হোসেন পূর্বকে ডাক দিয়েছেন বাস্তব জীবনে রসায়নের কিছু চমৎকার উদাহরণ সম্পর্কে জানাতে।

তোমাদের নবম-দশম শ্রেণির রসায়ন বইয়ে কিছু ঘটনা; যেমন কাঁচা আম টক, পাকা আম মিষ্টি হওয়ার কারণ, কেরোসিনের দহন, পেটের অ্যাসিডিটি দূরীকরণে অ্যান্টাসিডের কাজ ইত্যাদি রসায়নের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা আছে। এজাতীয় উদাহরণ রসায়নের প্রতি তোমাদের আগ্রহ বাড়ায়। তাই আজ আমি তোমাদের এক এক করে তিনটি উদাহরণ দেব।

উদাহরণ ১: খাবার হজম হওয়া

এই যে তুমি পরমাণু ভাইয়ার দেওয়া বিস্কুট খাচ্ছ। এটা কিন্তু পেটে গিয়ে হজম হওয়ার পর তুমি এর সম্পূর্ণ ফল ভোগ করতে পারবে। এ ক্ষেত্রে তোমার পাকস্থলীকে একটা আস্ত রসায়নাগার বললে ভুল হবে না। প্রতিনিয়তই সেখানে কোনো না কোনো বিক্রিয়া হচ্ছে।

খাবারের যে গঠন তা হজম করে দেহের গ্রহণ উপযোগী না করতে পারলে কিন্তু লাভ হবে না। তাই তোমার ডাইজেস্টিভ এনজাইম বন্ধু এসে তোমার চিবানো খাবারগুলোকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আরও ক্ষুদ্র এবং সরল করে ফেলে। ফলে তোমার দেহ আনন্দের সঙ্গে সেই সরলকৃত পুষ্টি উপাদানগুলো গ্রহণ করে পরিপুষ্ট হয়। তার মানে রাসায়নিক ক্রিয়া ছাড়া তোমার দেহ অচল! এ ছাড়া অক্সিজেন গ্রহণ, কার্বন ডাই-অক্সাইড ত্যাগ ইত্যাদির মতো শারীরবৃত্তীয় কাজেও রয়েছে রসায়ন। সেগুলো আরেক দিন জীববিজ্ঞান নিয়ে আলাপ করার সময় বলা যাবে।

উদাহরণ ২: পাতার রং পরিবর্তন

যেহেতু রাসায়নিক ক্রিয়ার ফলে তোমার দেহ সচল, তাই তুমি গাছের পাতাও দেখতে পারছ। এখন চলো পাতার রসায়ন নিয়ে কিছু বলি। শীতকালে দেখবে পাতার রং পরিবর্তন হয়। এর পেছনে আছে রসায়নের অবদান। শীতকালে গাছের পাতা সুস্থ রাখতে পর্যাপ্ত শক্তির অভাব ঘটে। কারণ এ সময় সূর্যের দেখা পাওয়া ভার। তোমরা জানো যে ক্লোরোফিল নামের রঞ্জকের কারণে পাতা সবুজ হয় এবং সূর্যালোকের যখন অভাব, তখন এতগুলো ক্লোরোফিলসমৃদ্ধ পাতা শুধু শুধু বসিয়ে রাখাটা গাছের জন্য বোকামি। তাই গাছ তার পাতাগুলো ঝেড়ে ফেলার আগে একটা মজার কাজ করে। তখন গাছপালা ক্লোরোফিল তৈরি করা বন্ধ করে দেয় এবং ক্লোরোফিলকে ছোট অণুতে ভেঙে দেয়। এরপর সেই ক্লোরোফিল সৃষ্টিকারী অণুগুলোকে গাছ পাতা থেকে শোষণ করে নেয়। ফলে ক্লোরোফিল চলে যাওয়ার সঙ্গে সঙ্গে পাতায় অবশিষ্ট অন্যান্য রঞ্জক তাদের রং দেখাতে শুরু করে। এ কারণে পাতা হলুদ বা লাল হয়ে যায়। তারপর যখন আবার গ্রীষ্মকাল শুরু হয়, তখন গাছপালা সেই শুষে নেওয়া অণুগুলো পুনরায় ক্লোরোফিলে রূপান্তরিত করে। এই যে ক্লোরোফিল ভেঙে যাওয়া এবং আবার সেখান থেকে তৈরি হওয়া, এগুলো সবই রাসায়নিক পরিবর্তন।

উদাহরণ ৩: ভালোবাসা

এই যে তোমরা পরমাণু ভাইয়াকে ভালোবাসো, এর পেছনেও কিন্তু রয়েছে রসায়ন। অক্সিটোসিনকে ভালোবাসার হরমোন বলা হয়ে থাকে। এই রাসায়নিকটি যখন তোমার মস্তিষ্কে নিঃসৃত হয়, তখন অপরের প্রতি তোমার ভালোবাসা এবং বিশ্বাস জন্মে। এ ছাড়া রাগ, জেদ, আনন্দ-দুঃখ ইত্যাদি অনুভূতি বিভিন্ন হরমোন তথা রাসায়নিকের নিঃসরণের কারণে ঘটে, অর্থাৎ তোমার আচার-আচরণও রসায়ননির্ভর। তাহলে দেখলে রসায়ন তোমাদের জীবনে কীভাবে জড়িয়ে আছে? আশা করি তোমরা বাস্তব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রসায়নের কিছু উদাহরণ পেয়েছ। আজ তুমি তোমার চারপাশ রসায়ন-চশমা দিয়ে দেখে নিজে থেকেই আরও পাঁচটা উদাহরণ খুঁজে বের করো। ভালোবাসতে থাকো নিজেকে এবং তোমার চারপাশের সবাইকে। সেই সঙ্গে ভালোবাসতে থাকো রসায়নকে। আবার দেখা হবে!

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস