ঐতিহ্যবাহী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী শনিবার। ২৪টি পদের বিপরীতে এ নির্বাচনে অংশ নিচ্ছেন ৫১ জন প্রার্থী। ইতিমধ্যে দুটি পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অন্য প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।
একটি প্যানেলে সভাপতি পদে নির্বাচন করছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম। সাধারণ সম্পাদক পদে লড়ছেন ডা. মো. আরিফুল আমিন। অন্য প্যানেলে সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় আছেন প্রফেসর এম এ তাহের খান। সাধারণ সম্পাদক হিসেবে লড়ছেন বর্তমান কমিটির কোষাধ্যক্ষ রেজাউল করিম আজাদ।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে এখানে ৫০০ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৬ লাখ বর্গফুটের ১২ তলা ৮৫০ শয্যার নতুন হাসপাতাল নির্মাণ চলছে। ৫০ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ছাড়া ১০০ কোটি ব্যয়ে বিশেষায়িত ক্যানসার হাসপাতাল ও ৫ কোটি টাকা ব্যয়ে পূর্ণাঙ্গ কার্ডিয়াক সেন্টার নির্মাণের কাজও চলছে। পরিকল্পনা রয়েছে এখানে একটি ডেন্টাল কলেজ নির্মাণেরও।
১৯৮৭ সালে ১০ শয্যা নিয়ে ইনডোর কার্যক্রম শুরু করে বর্তমানে হাসপাতালটিতে শয্যা রয়েছে ৬৫০টি। আন্তবিভাগে গড়ে ৫০০ ও বহির্বিভাগে দিনে অন্তত চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে চিকিৎসাসেবা নেন।
১৯৭৯ সালে ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক শিশু বর্ষে ‘চট্টগ্রাম শিশু হাসপাতাল’ নামে যাত্রা শুরু হয় এই হাসপাতালের। পরে এর নাম হয় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। স্বপ্নদ্রষ্টা ছিলেন প্রয়াত ডা. এ এফ এম ইউসুফ, প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম, ডা. অধ্যাপক ফজলুল করিম, ডা. এম নুরুন্নবী এবং প্রয়াত মন্ত্রী ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকীসহ অনেকে।
সর্বশেষ ২০১৭ সালের জুন মাসে হাসপাতালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন হয়। এতে সভাপতি নির্বাচিত হন প্রফেসর ডা. এ এস এম ফজলুল করিম ও সাধারণ সম্পাদক ডা. আঞ্জুমান আরা ইসলাম। নিয়ম অনুযায়ী তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের কারণে নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। কার্যনির্বাহী কমিটিতে ৯ হাজার ৭১৪ জন আজীবন সদস্য রয়েছেন। এর মধ্যে ভোটার রয়েছেন ৯ হাজার ১১৯ জন।
সহসভাপতি (ডোনার) পদে এ এস এম মোরশেদ হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (ডোনার) পদে সৈয়দ আজিজ নাজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুটি প্যানেলের বাইরেও স্বতন্ত্র হিসেবে লড়ছেন ৭ প্রার্থী।
সভাপতি প্রার্থী আঞ্জুমান আরা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এই প্রতিষ্ঠানের মায়ায় ১৯৯১ সালে সরকারি চাকরি ছেড়ে এখানে পুরোপুরি সময় দেওয়া শুরু করি। এখানে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ ১৪টি প্রজেক্ট রয়েছে।’
আঞ্জুমান আরও বলেন, ‘আমি দুই দশকের বেশি সময় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এবার সভাপতি পদে নির্বাচিত হলে হাসপাতালের বেড সংখ্যা বাড়ানো, শিশুদের চিকিৎসায় আরও আধুনিকায়ন করা, মেডিকেল কলেজকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য প্রকল্প গ্রহণ, নার্সিং শিক্ষার্থীদের জন্য আলাদা বিল্ডিং করা, ক্যানসার হাসপাতালের কাজ দ্রুত শেষ করা ছাড়াও একটি ডেন্টাল কলেজ করার পদক্ষেপ নেব। সমিতির আজীবন সদস্যদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত একটি ননস্টপ চিকিৎসা সেবাকেন্দ্র স্থাপন করব। আমি আশা করছি, ভোটারেরা অতীতের মতো সুচিন্তিত মতামতই দেবেন।’
সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল করিম আজাদ বলেন, ‘করোনাকালে ১৮ মাস জীবন বাজি রেখে মানুষের সেবা দিয়েছি আমরা। এই সময়ে সাড়ে ১০ হাজারের বেশি রোগীকে সেবা দিয়েছি। আমাদের একজন সহযোদ্ধা ইঞ্জিনিয়ার আলী আশরাফকে হারিয়েছি। আমরা ১০০ কোটি টাকা ব্যয়ে ক্যানসার হাসপাতাল নির্মাণ করছি। ১২ তলা একটি আধুনিক ভবনের ৬ তলার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বিভিন্ন সময় দায়িত্ব পালন করার কারণে আমার অভিজ্ঞতা হয়েছে। একটি আধুনিক, জনবান্ধব ও শতভাগ সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সব ভোটারের সহযোগিতা চাই।’
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মিজানুর রহমান। তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।