স্যামুয়েল হান্টিংটন আমার মতো অনেকেরই প্রিয় রাষ্ট্রবিজ্ঞানী। অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে দুর্নীতির একটা অবিভাজ্য সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। শুধু তা-ই নয়, অনেক সময় দ্রুত অনুন্নত অর্থনীতিকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার সঙ্গে স্বৈরশাসনের সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। যে কারণে তাঁর এই বক্তব্যকে উপস্থাপন করতে গিয়ে তিনি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের নাম উল্লেখ করায় অনেক উদারনীতিক গণতন্ত্রের তাত্ত্বিক তাঁর বন্ধুরা তাঁকে সমালোচনাও করেছেন। তাঁর আলোচনায় মনে হয়েছে তিনি আইয়ুবের প্রশংসা করেছেন। কিন্তু সিঙ্গাপুরের লি কুয়া বা পাকিস্তানের আইয়ুব যে কারণে অগণতান্ত্রিক হয়েও তাঁদের দেশের অনেকের পছন্দের মানুষ। কিন্তু হান্টিংটন খুব পরিষ্কার করে সেই একই লেখায় উল্লেখ করেছেন সরকারের কর্মকর্তারা উন্নয়নের সময় কী করে দুর্নীতির বিশেষ আখড়া গড়ে তোলেন।
আমাদের দেশে মোটা দাগে পঁচাত্তর-পরবর্তী সময়ে রাষ্ট্রীয় কাজে স্বৈরশাসকের দ্বারা এবং তাদের দালাল বা সামরিক, বেসামরিক, রাজনৈতিকভাবে অনুগত সেবকদের দ্বারা সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে এবং তা প্রায় গত সাড়ে চার দশকের বেশি সময় ধরে শুধু জায়মান নয়, বর্ধিত আকারে জায়মান। কিন্তু আগে, বিশেষ করে পঞ্চাশের দশকে পাকিস্তানের স্বৈরশাসকের সময়ে রাজনৈতিক ‘দালাল’দের মাঝে বিষয়টা নির্দিষ্ট ধরনের মানুষের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু জেনারেল জিয়ার স্বৈরশাসনের আমল থেকে ‘বুদ্ধিজীবী’ বা পেশাজীবীদের মধ্য থেকে বিপুল বৈষয়িক ‘ঘুষ’ বা বৈভব এবং রাষ্ট্রীয় পদ দিয়ে সাংবাদিক, অধ্যাপক, লেখক এবং কবি-সাহিত্যিকদেরও এই দুর্নীতির জালে আবদ্ধ করা হয়। কিন্তু লেখক-বুদ্ধিজীবীদের মাঝে যেন এই রাষ্ট্রীয় ‘ঘুষ’ বা পদ নিতে কোনো অপরাধ বোধ না হয়, সে জন্য বিভিন্ন ধরনের আবরণযুক্ত ‘নেশা’ গ্রহণে বাধ্য করা হয়, যেগুলোকে রাষ্ট্রীয় স্বৈরশাসকেরা অভিহিত করেন ‘জাতীয়তাবাদ’, ‘ধর্মীয় ন্যায়পরায়ণতা’ বা দেশপ্রেম বা স্বদেশকে ‘ভালোবাসার’ অন্য কোনো আফিমে। এই পেশাজীবী বা বুদ্ধিজীবী লেখকেরা অনেকে হয়তো মেধাবী এবং কিছুটা সততার অধিকারীও থাকেন জীবনের একটা সময় অবধি। কিন্তু এই ‘আফিমের’ জালে আবদ্ধ হওয়ার পর ভুলে যেতে বাধ্য হন তাঁদের প্রথম জীবনের সততার ‘সংজ্ঞা’, কারণ প্রতাপপূর্ণ পদ তাঁদের বাধ্য করে তাঁদের নিয়োগকারীর ‘অপকর্মের’ বা শাসনতন্ত্রের বাইরের কাজকর্মের প্রশংসা করতে! এই ‘জালের’ মধ্যে অবস্থান করলে এই ‘প্রতাপপূর্ণ’ পদ বা ‘ঘুষ’ গ্রহণকারীরা একধরনের অসহায়ত্বের জালেই বন্দী হয়ে পড়েন। এমনকি তাঁরা যে একধরনের জালে আবদ্ধ, তা-ও বুঝতে পারেন না! তাঁদের অবস্থাটি মনোবিজ্ঞানীদের সেই গরম কড়াইয়ে ব্যাঙকে ছেড়ে দিয়ে দু-চার ডিগ্রি তাপ বাড়ানোর পরীক্ষার মতো হয়ে দাঁড়ায়। ব্যাঙটি তাপ বাড়লে একটু নড়েচড়ে ওঠে আবার সাঁতরানোর চেষ্টা করে, এভাবে ১০০ ডিগ্রি সেন্টিগ্রেডে একেবারে নিস্তেজ হয়ে মরে যায়! স্বৈরশাসকদের অনুসারী প্রতাপপূর্ণ পদের অধিকারী বুদ্ধিজীবীদের অবস্থাও কড়াইয়ের ব্যাঙের মতো হয়ে দাঁড়ায়। বস্তুত তাঁরা জীবিত মানুষের মতো শ্বাস-প্রশ্বাস নিলেও মূলত তাঁরা মৃত জীবে পরিণত হন, ধীরে ধীরে সমাজটি যখন বেআইনি কাজে ঢেকে যায়, সেটা অনেকের মতো তাঁদেরও একটি সহ্য-সীমায় বেঁধে ফেলে, তাঁরা নিষ্ক্রিয় বা প্রতিক্রিয়াহীন হয়ে পড়েন।
কিছুদিন আগে অধ্যাপক সলিমুল্লাহ খান ‘তর্ক বাংলা’য় বুদ্ধিজীবীদের ওপর একটি প্রবন্ধ লিখে বোঝাতে চেয়েছেন সমাজবিজ্ঞানী এন্তনিয় গ্রামসি যে অরগানিক ইন্টেলেকচুয়াল হিসেবে একশ্রেণির বুদ্ধিজীবী বোঝাতে চেয়েছিলেন, তাঁরা কারা এবং কী তাঁরা করে থাকেন, কোন ‘অরগান’-এর তাঁরা সমর্থক! যদিও গ্রামসির সঙ্গে পশ্চিমা অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর, বুদ্ধিজীবীর সংজ্ঞা বিষয়ে মতভেদ আছে। অধ্যাপক নোয়াম চমস্কি অধিকাংশ পেশার মানুষকেই বুদ্ধিজীবী মনে করেন। তিনি বলেন, যে মোটর মেকানিক তাঁর গাড়িটি মাঝে মাঝে মেরামত করেন, তিনিও ‘বুদ্ধি’ দিয়েই তা করেন, তাই তিনিও বুদ্ধিজীবী। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর বা সেনাশাসকদের সমর্থক বুদ্ধিজীবীরা অধিকাংশই গ্রামসি কথিত বুদ্ধিজীবী, নোয়াম চমস্কির কথিত ধরনের নয়। কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীদের সমস্যাটি হয় তাঁদের পছন্দের দলটি যখন রাষ্ট্রক্ষমতায় গিয়ে ভোটের বাক্সের দিকে চোখ রেখে মিশেল ফুঁকো-কথিত ‘প্রতাপ-নিয়ন্ত্রিত’ পথে ‘আইনবহির্ভূত’ কোনো কাজে লিপ্ত হয়। কারণ ‘প্রতাপের’ অন্তর্গত ধ্রুব চরিত্র (Innate Propensity) আইনের সীমানা লঙ্ঘন করা। কিন্তু তত দিনে আমাদের সমাজের কিছু কিছু বুদ্ধিজীবী-লেখক বা অধ্যাপক তাঁর পছন্দের দলটি দ্বারা রাষ্ট্রীয় পদে আসীন। তাঁর পক্ষে তখন হয় ‘লোভ’ অথবা ‘অসহায়ত্বের’ জন্য এক অদৃশ্য ও অসহনীয় অবস্থার শিকার হতে হয়, অথবা বিবেক বা নৈতিকতাকে ত্যাগ করে তিনি নিজেই নিজেকে চোখ ঠারেন! এটা সত্যিই বেদনাদায়ক অবস্থা!
আমার একজন শ্রদ্ধেয় মানুষ একসময় কবিতা লিখতেন। কবিতার জন্য তাঁকে আমি আজও গভীরভাবে শ্রদ্ধা করি। কিন্তু পেশাজীবনে তিনি সাংবাদিক এবং তরুণ বয়স থেকে আজ অবধি একটি রাজনৈতিক আদর্শের অনুসারী হিসেবে একটি রাজনৈতিক দলের কর্মসূচির প্রতি খুবই শ্রদ্ধাশীল। কিন্তু একজন সরকারপ্রধান তাঁকে একটি রাষ্ট্রীয় পদ দিলে তিনি তা গ্রহণ করেন। তিনি হয়তো ভাবেননি যে তাঁর এই পদটি গ্রহণ করাতে তাঁর স্বাধীন বুদ্ধিবৃত্তিক অনুশীলন ক্ষতিগ্রস্ত হতে পারে। বছর দেড়েক আগে ফেসবুকে তাঁকে আমি গত নির্বাচন সম্পর্কে তাঁর মতামত জানতে চাইলে তিনি অস্বস্তি বোধ করেন এবং আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ‘এরশাদের’ ভূতপূর্ব কর্মচারী হিসেবে। আমি বুঝতে পারলাম রাষ্ট্রের কর্মচারী আর সরকারপ্রধানের অনুগত বা নিয়োগকৃত কর্মচারীর মধ্যে পার্থক্যটি তিনি ভুলে যেতে চাইছেন। নিউইয়র্কে তখন রাত গভীর। তিনি আমাকে বললেন, ‘পরের দিন “সুস্থ” হলে তিনি আমার সঙ্গে এ বিষয়ে আলোচনা করবেন।’ তিনি হয়তো আমাকে ‘মাদকাসক্ত’ ভেবেছেন রাতের বেলা বলে! প্রায় তিরিশ বছর আগে আমি ‘আমলা’ বা রাষ্ট্রীয় কর্মচারী ছিলাম, যা আমি পেয়েছিলাম একটি পরীক্ষার মাধ্যমে, কোনো দলীয় প্রধান বা সরকারপ্রধানকে সমর্থনের জন্য নয়। রাষ্ট্রীয় কর্মকর্তাদের নিয়োগে এই দুটি পদ্ধতির মাঝের বিভাজন রেখাটি আপাতভাবে খুব ক্ষীণ দেখালেও খুব গুরুত্বপূর্ণ! যদিও তাঁদের কাজের পরিধি বা সার্ভিস রুল প্রায় একই ধরনের, দুইয়ের মাঝে পার্থক্য কম। কিন্তু তরুণ বয়সে কয়েক বছর এই সরকারি পদে কাজ করার পর আমি বুঝেছিলাম ওই ‘ভুবনে’ আমি ঠিক খাপ খাই না, আমার মনোজগৎ কিছুটা ভিন্ন, তাই আমি নীরবে দূরে চলে গেছি। সে-ও প্রায় তিরিশ বছর হতে চলছে। সে-জীবনের কর্মকাণ্ড আজ আমার স্মৃতিতেও তেমন নেই, কিন্তু আমার শ্রদ্ধেয় কবি-সাহিত্যিকেরা আমাকে আজও সেই কাজে লিপ্ত আছি ভাবেন হয়তো!
রাষ্ট্রশাসনে দলীয় শাসকের অবস্থান এবং স্বাধীন ও নৈতিক বুদ্ধিজীবীর অবস্থান অধিকাংশ সময়ই বিপ্রতীপ, সেটা উন্নত, অনুন্নত বা পশ্চিমা বা প্রাচ্যের দেশগুলোতে তেমন তফাত নেই। এই দুই ভূগোলে তফাত শুধু আইনের শাসনের!
লেখক: অধ্যাপক, সিটি বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক