হোম > ছাপা সংস্করণ

নায়ক সাকিব, জিতল দল

রানা আব্বাস, মাসকাট থেকে

ব্যবহারে ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া প্রবাদটাই আবার বলতে হচ্ছে, এ যেন ঘাম দিয়ে জ্বর ছুটেছে বাংলাদেশ দলের! আল আমেরাত স্টেডিয়ামের গোধূলি বেলায় মাহমুদউল্লাহদের চেহারাগুলো তাই উজ্জ্বল হয়ে ওঠে ভরদুপুরে জ্বলজ্বল করতে থাকা অদূরের শ্বেত পাহাড়ের মতোই। পাপুয়া নিউগিনির বিপক্ষে পাওয়া ৮৪ রানের বড় ব্যবধানের জয়টা শুধু সুপার টুয়েলভ নিশ্চিত হওয়াই নয়; গত কদিনে সমালোচনার তিরে বিদ্ধ সাকিবরা নতুন করে জেগে ওঠার মন্ত্রও খুঁজে পেয়েছেন।

র‍্যাঙ্কিং, শক্তি, ইতিহাসের নিক্তিতে ম্যাচের আগেই দুই দলের পার্থক্যটা ছিল বিশাল! কিন্তু স্কটল্যান্ডের বিপক্ষে ওই হারের পরে ছোট দলও বাংলাদেশের কাছে ‘বড়’ হয়ে উঠতে পারে—এমন আশঙ্কা মনে ভর করাটা অমূলক নয়! অবশ্য আশঙ্কা সত্যি হয়নি। পাপুয়া নিউগিনিকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ আজ বিকেলে সুপার টুয়েলভের অংশ নিতে আরব আমিরাতের বিমান ধরবে।

মাসকাটের আল আমেরাত স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও টস জিতেছেন মাহমুদউল্লাহ। তপ্ত দুপুরে আগে ব্যাটিংয়ে নেমে এ ম্যাচেও শুরুতেই কেঁপেছে বাংলাদেশের ওপেনিং জুটি! ওমানের বিপক্ষে একাধিকবার সুযোগ পেয়ে ৬৪ রান করেছিলেন মোহাম্মদ নাঈম। গতকালও একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। কাবুয়া মোরেয়ার হাফ ভলি ফ্লিক করতে গিয়ে নাঈম ফিরেছেন কোনো রান না করেই।

মঞ্চ বড় হলে সাকিব আল হাসানের ভালো খেলার তৃষ্ণা যে বেড়ে যায়, সেটি এই বিশ্বকাপের শুরু থেকেই দেখা যাচ্ছে। গতকাল আবারও সেই দুর্দান্ত সাকিব। অধিনায়ক মাহমুদউল্লাহ কি আর সাধে বলেন, ‘সাকিব চ্যাম্পিয়ন খেলোয়াড়, আমরা সৌভাগ্যবান তাঁকে বাংলাদেশ দলে পেয়েছি!’ দারুণ ছন্দে থাকা সাকিব জুটি বাঁধলেন ছন্দে ফেরার অপেক্ষায় থাকা লিটন দাসের সঙ্গে। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এল ৫০ রান (৪১ বলে) । লম্বা ইনিংসের আভাস দিয়েও লিটন (২৯) ফিরলেন স্ট্যাম্পের অনেক বাইরের বল অযথা টেনে এনে স্লগ সুইপ করতে গিয়ে ডুবলেন।

মুশফিকুর রহিম গতকাল তাঁর ‘প্রিয়’ চার নম্বর পজিশন ফিরে পেয়েও রানে ফিরতে পারেননি, আতাইয়ের শর্ট বল স্কয়ার লেগে টেনে মারতে গিয়ে আউট ৫ রানে। থিতু হয়ে যাওয়া সাকিবকে সঙ্গে দেওয়ার কাজটা করলেন মাহমুদউল্লাহই। আগের ম্যাচের মতো গতকালও ফিফটি (চার রান দূরে থেকে) হাতছাড়া করে ফিরেছেন সাকিব। তবে মাহমুদউল্লাহ একই ভুল করেননি। ৩ চার আর ৩ ছক্কায় ১৭৮. ৫৭ স্ট্রাইকরেটে করেছেন ঠিক ৫০ রান। বিশাল বিশাল ছক্কা মারার বিশেষ খ্যাতি আছে মাহমুদউল্লাহর। গতকালও ব্যতিক্রম হয়নি। ১৭তম ওভারের পঞ্চম বলে সাদ সোপারকে ৯৫ মিটারের যে ছক্কাটা মারলেন, সেটির ঠিকানা গ্যালারির বাইরে।

ফিফটির পরই নাটকীয় এক সিদ্ধান্তে ফিরতে হলো মাহমুদউল্লাহকে। রাভুর কোমর উচ্চতার বলটি আলতো ফ্লিক করেছিলেন মাহমুদউল্লাহ। বাউন্ডারিতে ক্যাচ ধরেন সোপার। টিভি আম্পায়ার প্রথমে বড় পর্দায় ‘নট আউট’ দেখালেও দ্রুতই ভুল সংশোধন করে দেন ‘আউট’!

ডেথ ওভারে চার–ছক্কায় জমিয়ে তোলা মাহমুদউল্লাহ বিদায় নিতেই বাংলাদেশের বড় স্কোর তোলা নিয়ে যখন সংশয়, সেটি দূর করে দিলেন আফিফ হোসেন (২১) আর সাইফউদ্দিন (১৯*)। শেষ ১৮ বলে এল ৩৯ রান। বাংলাদেশ গতকাল পাওয়ার প্লে বেশ কাজে (১ উইকেটে ৪৫) লাগিয়েছে, ইনিংসের মাঝপথে রানের চাকা সচল রেখেছে, ডেথ ওভারে ভালো স্লগ হয়েছে—বাংলাদেশ টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর ৭ উইকেটে ১৮১ রান করার পরই যেন ম্যাচের ফলটা স্পষ্ট হয়ে গেল!

বাংলাদেশের দেওয়া ১৮২ রানের লক্ষ্য মাসকাটের পাথুরে পাহাড় ডিঙানোর মতোই কঠিন ছিল পাপুয়া নিউগিনির জন্য। সাকিব-সাইফউদ্দিনদের দুর্দান্ত বোলিংয়ে ২৯ রানেই ৭ উইকেট হারিয়ে বসে আসাদ ভালার দল। এরপরও পাপুয়া নিউগিনি যে ১০০ ছুঁইছুঁই স্কোর গড়েছে, সেটিতে অবদান আটে নামা উইকেটকিপার ব্যার কিপলিনের অপরাজিত ৪৬ রান। ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট—ব্যাটিংয়ের পর আরেকবার বোলিং জাদু দেখালেন সাকিব। ম্যাচের নায়কও তিনি।

স্কটল্যান্ডের বিপক্ষে হারের পর দুর্দান্ত দুটি জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত—এখন আরব আমিরাতে টুর্নামেন্টের মূল অংশ বাংলাদেশ কোন গ্রুপে পড়ছে, সেটি নিশ্চয়ই রাতেই জেনে গেছেন।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস