বিজ্ঞান ও প্রযুক্তির ছোঁয়ায় প্রবল বিক্রমে এগিয়ে যাচ্ছে মানবসভ্যতা। গড়ে উঠছে সুউচ্চ ইমারতের শহর। জীবনযাপন সহজ করতে গিয়ে নিজেদের ইচ্ছামতো পৃথিবীকে ব্যবহার করছে মানুষ। সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল দেখতে পান, পৃথিবী তার উজ্জ্বলতা হারাচ্ছে। কৃত্রিম উপগ্রহের ছবি সে কথাই বলছে। নীরবে ধেয়ে আসছে আরেক ভয়াবহ পরিণতি। উত্তপ্ত হচ্ছে পৃথিবী। তাপমাত্রা এভাবে বাড়তে থাকলে এ দশকেই সাগরের পানিতে তলিয়ে যাবে দ্বীপদেশ এবং অন্যান্য নিচু এলাকা। গত নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোয় আসন্ন এই বিপদ নিয়েই আলোচনায় বসেন বিশ্বের হর্তাকর্তারা। অবশ্য জাতিসংঘের এই জলবায়ু সম্মেলনের অনেক আগে থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আশার বাণী উচ্চারিত হচ্ছে। তবে কার্যকর পদক্ষেপ এখনো দেখা যায়নি।
কার্যকর সমাধান যখন আসছে না, তখন বিকল্প ভাবাই শ্রেয়। সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধির সঙ্গে মানিয়ে কীভাবে বসবাস করা যায়, সে পদ্ধতি নিয়েই চলছে গবেষণা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, ইতিমধ্যেই এ প্রক্রিয়ায় এক ধাপ এগিয়ে গেছে দক্ষিণ কোরিয়া। দেশটির বুসান শহরে সাগরের বুকে এমন একটি শহর বানানো হবে, যা পানিতে ভাসবে।
দক্ষিণ কোরিয়ার দক্ষিণে উপকূলীয় শহর বুসান। পীত সাগর ও জাপান সাগরের তীরে এই শহরের অবস্থান। গ্রিনপিস কোরিয়া নামের একটি অলাভজনক সংগঠন বলছে, ২০৩০ সালের মধ্যে সমুদ্রে বিলীন হতে পারে বুসানের বিখ্যাত হুন্দে সৈকত। এক গবেষণা বলছে, গত বছর এই শহরে রেকর্ড বন্যা হয়েছে।
ভবিষ্যতের ভাবনা থেকে তাই সাগরের সঙ্গে মিতালির সিদ্ধান্ত। ‘দ্য ওসিয়ানিক্স’ নামের সবুজে ঘেরা এই শহর প্রকল্পের কাজ আগামী বছর থেকে শুরু হচ্ছে। ২০১৯ সালে প্রস্তাবিত ভাসমান এ শহরে ১০ হাজার মানুষ থাকতে পারবেন। একদল ডিজাইনার, স্থপতি ও প্রকৌশলীর সমন্বয়ে বন্যা সহনশীল এ শহর নির্মাণের জন্য গত মাসে বুসান শহরের পাশের সমুদ্রকে বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএন-হ্যাবিটের সঙ্গে চুক্তিও করেছে বুসান কর্তৃপক্ষ। শহরটির ঘরবাড়িসহ নানা উপকরণ কারখানায় তৈরি হবে। এরপর তা সাগরে নিয়ে স্থাপন করা হবে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে এ শহরে বসবাস শুরু হবে।
প্রকল্পের নকশা করেছে ডেনমার্কের কোম্পানি জার্ক ইঙ্গেলস গ্রুপ। তারা বলছে, ৫ একরের একেকটি আলাদা এলাকায় বানানো হবে সাততলা উঁচু ভবন। প্রতিটিতে ৩০০ জনের থাকার ব্যবস্থা থাকবে। এলাকাগুলো হাঁটা কিংবা সাইকেলের পথের মাধ্যমে যুক্ত থাকবে। ছোট ছোট একেকটা গ্রামে একত্রে থাকতে পারবেন ১ হাজার ৬৫০ জন। রেস্তোরাঁসহ আধুনিক সব নাগরিক সুবিধা তো থাকছেই।
শহর গড়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে ‘সেলফ সাসটেইনিং’ নামের একটি প্রক্রিয়া। এতে বর্জ্য ছাড়াই নিজেদের খাবার এবং বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন বাসিন্দারা। পরিবেশবান্ধব উপায়ে চাষাবাদের সুযোগ ছাড়াও থাকবে সামুদ্রিক খাবারের জোগান। জমা রাখা হবে বৃষ্টির পানি। ভাসমান টারবাইন ও সৌর কোষ মেটাবে বিদ্যুৎ-জ্বালানির চাহিদা। দ্য ওসিয়ানিক্স শহরের ধারণা দেওয়া ব্যক্তিদের অন্যতম ইতাই মাদামোম্বে। তাঁর একটি বার্তা দিয়েই শেষ করা যাক: ‘পানির সঙ্গে লড়াই না-করে আসুন এর বৈচিত্র্যকে আগলে বেঁচে থাকি।’