জনগণের ক্ষমতায়ন যদি করতে হয়, তবে নারীর ক্ষমতায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এমপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাঙ্গুনিয়া পৌরসভার নুরুচ্ছাফা তালুকদার মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ড. হাছান মাহমুদ বলেন, ‘নারী উন্নয়নের জন্য আওয়ামী লীগ সরকার যত কাজ করেছে, অন্য কোনো সরকার এই কাজ করেনি। বাংলাদেশে আরও নেত্রী আছে, তাঁরা নারী উন্নয়নের জন্য কিছুই করেননি।’
সম্মেলন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পলাশী মুৎসুদ্দির সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক নিলুফার আকতারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ওয়াসিকা আয়েশা খান।
উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলুয়ারা ইউসুফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদক বাসন্তী প্রভা।