অস্ত্র হাতে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি আপলোড করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে গাজীপুরের সাবেক মেয়র প্রার্থী মেজবাহ উদ্দিন সরকার ওরফে রুবেলকে (৪৪) গ্রেপ্তার করেছে র্যাব-১। রুবেলের লাইসেন্স করা অস্ত্র থাকলেও তিনি তা আইন ভেঙে ব্যবহার করতেন বলে দাবি র্যাবের।
গতকাল বুধবার র্যাব জানায়, উত্তরা ৭ নম্বর সেক্টরের ১২/এ সড়কের ৩ নম্বর বাসার একটি ফ্ল্যাট থেকে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি, একটি পিস্তল বক্স, দুটি পিস্তল কভার, একটি পিস্তলের লাইসেন্স ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া রুবেল টঙ্গীর মৃত মোহাম্মদ আলী সরকারের ছেলে। বর্তমানে তাঁর বাসা উত্তরা ৭ নম্বরে।
এ বিষয়ে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) নোমান আহমদ আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার হওয়া মেজবাহ তাঁর ফেসবুক আইডিতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছবি আপলোড করতেন। দুজন দেহরক্ষী নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ও গাজীপুরের টঙ্গী এলাকায় আধিপত্য বিস্তার ও জনমনে ভীতি সৃষ্টি করার জন্য অস্ত্র দেখাতেন মেজবাহ।
২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতা করে পরাজিত হন। এ ঘটনায় রুবেলসহ তাঁর তিন দেহরক্ষীর বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে।