হোম > পরিবেশ

জুনেই আরও ৩ বার তাপপ্রবাহের আশঙ্কা, আছে নিম্নচাপের পূর্বাভাসও

আজকের পত্রিকা ডেস্ক­

গত মে মাসের শেষ ভাগ থেকেই ধীরে ধীরে কমতে শুরু করে ঝড়-বৃষ্টির দাপট! সেই সঙ্গে জুনের শুরু থেকেই দেশের অধিকাংশ অঞ্চল তাপপ্রবাহের কবলে। এরই মধ্যে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসেই বিচ্ছিন্নভাবে আরও দুই থেকে তিনটি মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে, চলতি মাসের প্রথমার্ধেই বর্ষার প্রভাব শুরু হয়ে যাওয়ার সম্ভাবনাও জানানো হয়েছে।

জুন মাসের দীর্ঘমেয়াদি জলবায়ু পূর্বাভাসে বলা হয়েছে—চলতি জুন মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে। এই মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। দুই থেকে তিনটি বিচ্ছিন্নভাবে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

অন্যদিকে, জুন মাসের প্রথমার্ধে সারা দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে, অর্থাৎ বর্ষাকাল শুরু হয়ে যাবে। এ মাসে বঙ্গোপসাগরে একটি বা দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

সদ্য গত হওয়া মে মাসের আবহাওয়া বিশ্লেষণ ও পর্যালোচনা করে আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, মে মাসে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত এবং অন্যান্য বিভাগগুলোতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।

গত ১৮ মে মাসে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং গত ৩ মে সর্বনিম্ন ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় সিলেটে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, গতকাল সোমবার ঢাকাসহ দেশের প্রায় ৪০ জেলায় চলছে তাপপ্রবাহ। তবে তাপমাত্রা না কমলেও আজ দেশের আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টি না হাওয়ায় গরম বেড়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তাই আরও দুই থেকে তিন দিন তাপপ্রবাহ থাকতে পারে।

এবার সবচেয়ে শক্তিশালী ‘এল নিনোর’ শঙ্কা জাতিসংঘের

৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, জ্যৈষ্ঠের খরতাপ আর কত দিন

৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, সহসাই কমছে না গরম

টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪০ কোটি ডলারের মামলা করল অস্ট্রেলিয়া

ঈদের দিনসহ আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা

ঈদে দেশের উত্তরে ঝরবে বৃষ্টি, দক্ষিণ পুড়বে গরমে

এক দিন মাংস কাটার জন্য নিধন হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ

ঢাকাসহ ১০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কসংকেত