হোম > পরিবেশ

দেশজুড়ে তাপপ্রবাহের দাপট, উত্তরাঞ্চলে স্বস্তির পূর্বাভাস

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফাইল ছবি

বর্ষা মৌসুম শুরু হলেও দেশের অধিকাংশ অঞ্চলে এখনো গরমের দাপট কমেনি। রাজশাহী, পাবনা ও যশোর জেলায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। তবে উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েক দিনের মধ্যে আবহাওয়ায় কিছুটা পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবারের পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো কোনো এলাকায় বৃষ্টি হতে পারে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, আপাতত দেশের উত্তরাঞ্চলে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্য অঞ্চলেও বৃষ্টি হতে পারে, তবে তা হবে সীমিত পরিসরে। জুনের শেষ দিক থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে ৩০ জুনের পর সারা দেশে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

এদিকে বৃষ্টির দেখা মিললেও তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া অধিদপ্তরের মতে, দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ফলে তাপপ্রবাহকবলিত এলাকাগুলোয় গরমের অস্বস্তিও বজায় থাকবে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সবচেয়ে বেশি ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল সিলেটে ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদদের মতে, বর্ষাকালে বৃষ্টির মধ্যেও কয়েক দিনের জন্য গরম বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। তবে এবার মৌসুমি বায়ুর প্রবেশ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বিলম্বিত হওয়ায় বৃষ্টির ধারাবাহিকতা তৈরি হয়নি। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক দিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী।

পূর্বাভাস অনুযায়ী, রোববার থেকে বৃষ্টির বিস্তৃতি ও পরিমাণ বাড়তে শুরু করলে গরমের তীব্রতাও ধীরে ধীরে কমে আসতে পারে। ফলে চলতি সপ্তাহের শুরুতে দেশের অনেক এলাকায় কিছুটা স্বস্তি ফিরতে পারে।

তিন জেলায় তাপপ্রবাহ, তবু ৬ জেলায় ঝড়ের আভাস

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু

৮ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কখন আঘাত হানবে

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা

বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিট: বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলার আয়ের হাতছানি

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি