কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ এবং রচনা ব্যানার্জি যেন সমার্থক। এক দশকের বেশি সময় ধরে সঞ্চালক হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী। কিন্তু এবার এই অনুষ্ঠানের সঞ্চালকের আসনে আসছে পরিবর্তন। রচনা ব্যানার্জির পরিবর্তে সঞ্চালক হিসেবে আরেক অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নেওয়ার বিষয়টি প্রায় পাকাপাকি হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্থান-পতনের কারণে রচনাকে নিয়ে নতুন করে ভাবছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।
রচনা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য। তবে এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল হারার পর থেকেই গুঞ্জন ছড়ায় দিদি নম্বর ওয়ানের সঞ্চালনার আসন ছাড়তে হচ্ছে রচনাকে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ব্যস্ততার কারণে দিদি নম্বর ওয়ানের জন্য শিডিউল দিতে পারছিলেন না রচনা। তাই বেশ কিছু পর্বে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাস সঞ্চালনা করেছিলেন। এবার স্থায়ীভাবে তাঁকে বাদ দেওয়ার কথা চাউর হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সঞ্চালকের পাশাপাশি বদলে যাচ্ছে এই শোর ফরম্যাট। ইতিমধ্যে সঞ্চালনার প্রস্তাব দেওয়া হয়েছে স্বস্তিকাকে।
আরেকটি সূত্র বলছে, প্রথমে রচনাকে বাদ দেওয়ার কথা চিন্তা করলেও সেখান থেকে সরে এসেছে দিদি নম্বর ওয়ান কর্তৃপক্ষ। মূলত কয়েক দিন আগে তৃণমূলের বিদ্রোহী তালিকায় রচনার নাম আসার পর তাঁকে নিয়ে নতুন করে ভাবছেন নির্মাতা। পাশাপাশি রয়েছে টিআরপির প্রভাব। অনেকেই মনে করছেন সঞ্চালকের আসনে রচনাকে না দেখা গেলে তলানিতে গিয়ে ঠেকবে দিদি নম্বর ওয়ানের টিআরপি। তবে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি অনুষ্ঠান কর্তৃপক্ষ। তাই দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না, তা জানতে কিছুটা সময় অপেক্ষা করতেই হচ্ছে।
২০১০ সালে শুরু হয় দিদি নম্বর ওয়ান। রচনা যোগ দেন ২০১১ সালে। রচনা ব্যানার্জির আগে দিদি নম্বর ওয়ান সঞ্চালনা করতেন পুষ্পিতা মুখোপাধ্যায়। মাঝে একবার জুন মালিয়া এবং দেবশ্রী চক্রবর্তী হয়েছেন এই শোয়ের সঞ্চালিকা। কিন্তু জনপ্রিয়তার নিরিখে কোনো অভিনেত্রীই রচনাকে ছাপিয়ে যেতে পারেননি। একাধিকবার অভিনেত্রী নিজেও স্বীকার করেছেন, জি বাংলার এই শো তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে।